মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় তুচ্ছ ঘটনা কেন্দ্র করে দুই গ্রাম বাসীর সংঘর্ষে ৬ জন টেটাবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার (২৩ জুন) দুপুর ১টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি ও খাসমহল গ্রামের লোকজনের মধ্যে বালুচর বাজারের চৌরাস্তায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হন এবং বাজারের অন্তত ১০টি দোকান ভাঙচুর করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোল্লাকান্দি গ্রামের সুরুজ মিয়ার ছেলে শাহীন বেপারী (৩২) তার মালিকানাধীন ব্যাটারিচালিত অটোরিকশা গ্যারেজের ছয় মাসের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সোমবার দুপুরে সিরাজদিখান পল্লী বিদ্যুৎ অফিসের একজন কর্মকর্তা বিল আদায়ে গ্যারেজে যান। এ সময় গ্যারেজ মালিক শাহীন বেপারীর সঙ্গে কর্মকর্তার কথা কাটাকাটি হয়। পরে পাশের খাসমহল গ্রামের সুলতান সর্দার (৪০) হস্তক্ষেপ করলে দু’জনের মধ্যে হাতাহাতি শুরু হয়, যা একপর্যায়ে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী ও সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন বলেন, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে প্রায় ২০-৩০ জন আহত হয়েছেন। আমি উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করলে আমার দিকেও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, তবে আমি অক্ষত রয়েছি।”
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বালুচর বাজারে পুলিশ মোতায়েন রয়েছে এবং সেনাবাহিনীর একটি দলও ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অবজারভার

Leave a Reply