উচ্ছেদের চার দিন পর ফের খাল ভরাট

খাল ভরাট করে তিন ফসলি জমি তৈরির নামে প্রকৃতপক্ষে খাল দখল করা হচ্ছে।
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আলদীবাজার এলাকায় উচ্ছেদের চার দিন পর সরকারি খাল দখলের চেষ্টা আবারও শুরু হয়েছে। মাত্র চার দিন আগে উচ্ছেদ অভিযান চালিয়ে বাঁধ ভেঙে দেওয়া হলেও, আবারও বাঁশের বেড়া দিয়ে খালের মধ্যে দুটি বাঁধ তৈরি করে মাটি ভরাটের কাজ শুরু করেছে আওলাদ হোসেন ও কাদির হোসেন গং।

খাল ভরাট করে তিন ফসলি জমি তৈরির নামে প্রকৃতপক্ষে খাল দখল করা হচ্ছে। এতে খালের পানি প্রবাহ বন্ধ হয়ে যাচ্ছে এবং আশপাশের এলাকার কৃষিকাজে সমস্যা সৃষ্টি হচ্ছে।

৩ জুলাই টঙ্গিবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিযান চালিয়ে খালের বাঁশের বেড়া ভেঙে দেন ও ভরাট কাজ বন্ধ করে দেন। কিন্তু সোমবার সকাল থেকেই আবারও সেখানে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ভরাট কাজ শুরু হয়েছে।

স্থানীয়রা জানায়, এই খালটিকে ‘কাজকির খাল’ বলা হয়। এটি পদ্মা নদী থেকে শুরু হয়ে আলদী বাজার এলাকার কাজল রেখা নদীতে গিয়ে মিশেছে। খালটি কাঠাদিয়া, শিমুলিয়া, আলদী হাটকান, জশলং ও ছোট কেওয়ার গ্রামের জন্য পানি প্রবাহের একমাত্র উৎস।

কাদির হোসেন জানান, খালের পাশের জমিটি তাদের ছয় ভাইয়ের এবং তারা সড়ক ও জনপথ বিভাগ থেকে অনুমতি নিয়েই খাল ভরাট করছেন। তবে অনুমতিপত্র দেখাতে পারেননি।

অন্যদিকে সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুস হোসেন সাকিব জানান, তারা কোনো অনুমতি দেননি। বরং কাজ বন্ধ করতে চিঠি দেওয়া হয়েছে। আইন লঙ্ঘন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

টঙ্গিবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াশীফ জানান, আবারও ভরাটের খবর পেয়ে তদন্ত করা হচ্ছে। প্রয়োজনে আবার উচ্ছেদ করা হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইউএনও মো. মোস্তাফিজুর রহমান বলেন, “খালের মালিকানা দাবি করা হয়েছে, তাই পরিমাপ করে প্রকৃত তথ্য জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

দেশকাল নিউজ

Leave a Reply