শ্রীনগরে স্ত্রীর ধর্ষণ মামলায় ইউপি সদস্য গ্রেফতার

মুন্সীগঞ্জের শ্রীনগরে স্ত্রীর দায়ের করা ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় ইউনিয়ন পরিষদের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গ্রেফতারকৃত ইউপি সদস্যের নাম মো. স্বপন (৪৮)। তিনি শ্রীনগর সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সম্পাদক।

র‌্যাব জানায়, বুধবার দিবাগত রাত ২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে শ্রীনগর থানায় হস্তান্তর করা হয়।

থানা সূত্রে জানা যায়, ভিকটিমের অভিযোগে বলা হয়েছে, প্রাক্তন স্ত্রীকে গত ১০ জুন রাতে আপোষের কথা বলে স্বপন তাকে ডেকে ১ লাখ ৮০ হাজার টাকা ও তিন ভরি স্বর্ণালঙ্কার আত্মসাৎ করেন। পরে একটি বন্ধ ঘরে নিয়ে মারধর করে, জোরপূর্বক ধর্ষণ করেন এবং অশ্লীল ছবি তুলে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

এ ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে দুটি মামলা দায়ের করেন।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হুদা খান বলেন, গ্রেফতারকৃত স্বপন মেম্বারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

অবজারভার

Leave a Reply