মোটরসাইকেল চুরির মামলায় যুবকের ৩ বছরের কারাদণ্ড

একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মুন্সীগঞ্জে মোটরসাইকেল চুরির মামলায় মারুফ শেখ নামের এক যুবককে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গাজী দেলোয়ার হোসেন এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. বুলবুল আহম্মেদ।

দণ্ডপ্রাপ্ত মারুফ শেখ সিরাজদিখান উপজেলার সাতিয়ানতলী গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত ছিলেন। আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করার নির্দেশ দিয়েছেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২২ সালের ৫ জুন বিকালে শ্রীনগর উপজেলার বেলতলী জোড়া ব্রিজ সংলগ্ন মা-বাবার দোয়া হোটেলের সামনে মোটরসাইকেলসহ পালানোর সময় র‌্যাবের হাতে ধরা পড়েন মারুফ। তার আচরণ সন্দেহজনক হওয়ায় র‌্যাব সদস্যরা তাকে (ঢাকা মেট্রো-ল ২১-১৮৫১ নম্বরের) মোটরসাইকেলসহ আটক করেন।

র‌্যাব-১০ এর শ্রীনগর ক্যাম্পের এসআই সুশীল জীবন চাকমা মোটরসাইকেলের বৈধ কাগজ দেখতে চাইলে মারুফ তা দেখাতে পারেননি। পরে তার বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলা দায়ের করা হয়।

আদালত থেকে জানা যায়, মামলায় পাঁচজন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামিকে দোষী সাব্যস্ত করে এ রায় দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সুলতানা রোজিনা ইয়াসমিন বলেন, “এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।”

দেশকাল নিউজ

Leave a Reply