গজারিয়া অংশের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চারটি ইউনিয়নে কমিটি গঠনে ‘অনিয়মের’ প্রতিবাদে ও জড়িত নেতাদের শাস্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন বিএনপির বঞ্চিত নেতাকর্মীরা।
শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
এ সময় মামলা বাণিজ্য, চাঁদাবাজি ও অবৈধ বালুমহাল পরিচালনায় জড়িত থাকার অভিযোগে উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ ও সদস্য সচিব আব্দুর রহমান শফিককে গজারিয়া উপজেলায় অবাঞ্চিত ঘোষণা করেন তারা। তারা ঘোষিত চারটি ইউনিয়ন বিএনপির কমিটি ভেঙে দেওয়ার জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন- স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম ভিপি মাসুম, মুন্সীগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু, গজারিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসহাক আলী, গজারিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরী তপন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইদুর রহমান সাঈদ, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির আহমেদ সিকদার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খন্দকার জালাল রিমু, গজারিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাসেল দেওয়ান, মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন পান্নু, গজারিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান প্রমুখ।
গজারিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির আহমেদ শিকদার বক্তব্যে বলেন, “গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব টাকার কাছে বিক্রি হয়ে গেছেন। টাকা খেয়ে তারা অযোগ্য ও আওয়ামী লীগের লোকদের দিয়ে কমিটি দিয়েছেন। পাশাপাশি একজন সিনিয়র নেতা বালুমহালের নামে অবৈধভাবে মানুষের জমি কেটে বিএনপির মান সম্মান নষ্ট করছেন। তারেক রহমান ঘোষিত ৩১ দফা মানছেন না তিনি। তাই উপজেলার সকল বিএনপি নেতাকর্মী একজোট হয়ে এই তিনজনকে অবাঞ্ছিত ঘোষণা করছি।”
স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম ভিপি মাসুম, “কমিটি কীভাবে ঘোষণা করতে হয় তা আমরা জানি। সাংগঠনিক কোনো নিয়ম না মেনে রাতের আঁধারে কারো বাড়ি থেকে ঘোষণা করা কমিটি আমরা মেনে নিব না। মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং সেই টাকার ভাগ পেতে যে কমিটি তা আমরা মেনে নেব না।”
গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদ বলেন, “বিএনপি নেতাকর্মীদের অবরোধের কারণে কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। আমরা তাদের মহাসড়ক থেকে নামিয়ে দিয়েছি, এখন যান চলাচল স্বাভাবিক কোন ঝামেলা নেই।”
বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গজারিয়া উপজেলা বিএনপির অন্তর্গত বাউশিয়া, গজারিয়া, টেংগারচর ও বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের কাগজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, চলতি মাসের ১৫ তারিখ কমিটি অনুমোদন করা হয়েছে। গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ ও সদস্য সচিব আব্দুর রহমান শফিক কমিটিগুলো অনুমোদন করেছেন। এরপর থেকে কমিটি গঠনে অনিয়ম এবং আর্থিক লেনদেনের অভিযোগ তুলে পদ বঞ্চিত নেতাকর্মীরা।
দেশকাল নিউজ

Leave a Reply