পদ্মার ঢেউ ও প্রবল স্রোতে লৌহজংয়ে ভাঙন আতঙ্ক

উত্তাল হয়ে উঠেছে খরস্রোতা পদ্মা।
খরস্রোতা পদ্মার সঙ্গে যুগের পর যুগ সংগ্রাম করে চলছে টিকে থাকার লড়াই। চলতি বর্ষা মৌসুমের শুরুতে পদ্মা উত্তাল হয়ে উঠায় বড় প্রকল্প নিয়েও ঠেকানো যাচ্ছে না ভাঙন।

পানি বৃদ্ধির সঙ্গে কয়েকদিন ধরে বৈরী আবহাওয়ায় বাতাসের তীব্রতায় প্রতিনিয়ত বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। এর ফলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার তীরবর্তী গ্রামগুলোতে পদ্মার ভাঙন দেখা দিয়েছে।

ভাঙন প্রতিরোধের চেষ্টা করলেও উত্তাল পদ্মার বড় বড় ঢেউয়ের আঘাতে তীর থাকা বালুভর্তি জিও ব্যাগ সরে গিয়ে নদীতে বিলীন হয়ে যাচ্ছে। কোথাও কোথাও তীরের তলদেশের মাটি সরে গিয়ে ফাটল দেখা দিয়েছে। এসব ফাটল বিস্তীর্ণ এলাকা নিয়ে যেকোনো সময় পদ্মায় বিলীন হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

মুন্সীগঞ্জের লৌহজংয়ে গাঁওদিয়া গ্রামে ভাঙনের মুখে অসংখ্য বসতবাড়ি। ছবি: দেশকাল নিউজ ডটকম

ভাঙন আতঙ্কে পদ্মা পাড়ের দুই হাজার পরিবারের নির্ঘুম রাত কাটছে। বর্তমানে উপজেলার নদী তীরবর্তী সিংহেরহাটি, বড় নওপাড়া, গাঁওদিয়া ও শামুরবাড়ি এলাকার ৫ শতাধিক বসতবাড়ি ভাঙনের মুখে রয়েছে।

পানি বৃদ্ধিতে পদ্মায় প্রবল স্রোত প্রবাহিত হচ্ছে। এর মধ্যে বৈরী আবহাওয়ায় বাতাসের তীব্রতা বৃদ্ধিতে পদ্মা আরও উত্তাল হয়ে উঠেছে। একদিকে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে অন্যদিকে তীর ঘেঁষে প্রবাহিত হওয়া প্রবল স্রোতের তোড়ে একাধিক স্থানে তৈরি হচ্ছে ঘূর্ণায়মান স্রোত। আর এই ঘূর্ণায়মান স্রোত মুহূর্তেই গিলে খাচ্ছে বালুভর্তি জিও ব্যাগ।

উপজেলার পদ্মাপাড়ের ৪টি গ্রামের তীরবর্তী জনপদে ভাঙন দেখা দিয়েছে। দিন শেষে সন্ধ্যা হলেই আছড়ে পড়া বড় বড় ঢেউগুলো আরও ভয়ংকর রূপ ধারণ করছে। এতে পদ্মাপাড়ের মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

২৬ জুলাই লৌহজংয়ের তীরবর্তী গ্রামে গিয়ে দেখা গেছে, উপজেলার সিংহেরহাটি গ্রামের দেলোয়ার দেওয়ান ভাই-বোন নিয়ে পানিতে নেমে বাঁশ, কচুরিপানা, খড়কুটো দিয়ে নদীর ভাঙন থেকে বাড়িঘর রক্ষার চেষ্টা করছেন।

তিনি জানান, সকালে তার মৃত বাবা জয়নাল দেওয়ানের দাফন দিয়েছেন। শোকের মধ্যেই নদী ভাঙন থেকে বাড়ি রক্ষায় নেমেছেন।

বড় নওপাড়া গ্রামের হালিমা বেগম জানান, শুক্রবার সকাল থেকেই পদ্মার ভাঙনে জিও ব্যাগ সরে যাচ্ছে। এর ফলে মাটি সরে গিয়ে অনেক স্থানে ফাটল দেখা দিয়েছে।

বেজগাঁও ইউনিয়নে বালুভর্তি জিও ব্যাগ ফেলা হয়েছে।

পশ্চিম গাঁওদিয়া গ্রামের করিম মিয়ার দোকান থেকে মাসুম হোসেনের বাড়ি পর্যন্ত সড়ক ভেঙে গেছে৷ গাঁওদিয়া বাজারের পূর্ব প্রান্তের জিও টিউব ব্যাগ ফেটে বালু বের হয়ে গেছে৷ খবর পেয়ে শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দিন ভাঙন কবলিত তেউটিয়া, কনকসার, কুমার ভোগ, বেজগাঁও ও গাঁওদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।

পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কর্মকর্তারাও। পরে ভাঙন ঠেকাতে সড়কের পাশে বালুভর্তি জিও ব্যাগ ফেলে সড়কটি রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন গাঁওদিয়া ইউনিয়নের ইউপি সদস্য তোবারক ঢালী।

কনকসার খালের মুখে পদ্মাতীরের বাসিন্দা গোলাম মোস্তফা বলেন, “আমার বাড়ি স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্পের ৫০০ মিটার বাইরে। তাই ভাঙনের শঙ্কায় নির্ঘুম রাত কাটাতে হচ্ছে।”

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন সাংবাদিকদের জানান, নদীতে পানির প্রবল চাপ, বাতাস ও ঢেউয়ের কারণে পূর্বে ফেলা জিও ব্যাগগুলো অনেকাংশেই সরে গিয়ে নতুন ভাঙনের সৃষ্টি হয়েছে। কিছু পরিবার এখনও ঝুঁকিতে থাকলেও এখন পর্যন্ত কোনো বসতঘর নদীগর্ভে বিলীন হয়নি।

তিনি আরও বলেন, “পদ্মার ভয়াল থাবা থেকে জনপদ রক্ষা করতে পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসন একযোগে কাজ করছে। স্থানীয়দেরও সর্বোচ্চ সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি।”

পদ্মা নদীর ভাঙনের হাত থেকে রক্ষা পেতে পদ্মা সেতুর ভাটিতে বাম তীর সংরক্ষণ প্রকল্প গ্রহণ করে সরকার। লৌহজং উপজেলার শিমুলিয়া থেকে টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় পর্যন্ত চলছে নির্মাণ কাজ।

প্রকল্পের দৈর্ঘ্য ১৬ দশমিক ৮৭০ কিলোমিটার। এর মধ্যে স্থায়ী প্রতিরক্ষা কাজ ৯ দশমিক ১০০ কিলোমিটার এবং সতর্কতামূলক প্রতিরক্ষা কাজ (ভাঙন প্রবণ এলাকায় বালুভর্তি জিও ব্যাগ রাখা স্থান) ৪ দশমিক ৬২০ কিলোমিটার। এ ছাড়া ১ দশমিক ৩০০ কিলোমিটার এলাকায় স্থায়ী বাঁধ বিদ্যমান রয়েছে।

২০২১ সালের অক্টোবরে শুরু হওয়া এ প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালের অক্টোবরে। তখন ৯ দশমিক ১ কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণের সিদ্ধান্ত হয়। অর্থ বরাদ্দ ছিল ৪৪৬ কোটি টাকা।

পরে বাঁধ নির্মাণের দৈর্ঘ্য বাড়িয়ে করা হয় ১৩ দশমিক ৭২ কিলোমিটার। আর ৪৪৬ কোটি টাকা থেকে বাড়িয়ে অর্থ বরাদ্দ করা হয় ৪৭০ কোটি টাকা। সর্বশেষ ২৪ সালের ডিসেম্বরে পুনরায় বরাদ্দ বাড়িয়ে ৫২৭ কোটি টাকা করা হয়। সেই সাথে প্রকল্পের মেয়াদ বাড়িয়ে করা হয় ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত।

মুন্সীগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী এনামুল হক জানান, এ পর্যন্ত প্রকল্পের কাজের অগ্রগতি প্রায় ৪৮ শতাংশ। ২৬টি প্যাকেজের মাধ্যমে প্রকল্পের কাজ চলমান রয়েছে।

তিনি আরও জানান, প্রকল্প বহির্ভূত এলাকা রয়েছে ১ দশমিক ৮৫০ কিলোমিটার। যা বর্তমানে ভাঙনের কবলে পড়েছে।

উপসহকারী প্রকৌশলী এনামুল হক জানান, স্থায়ী বাঁধ কিংবা সতর্কতামূলক বাঁধ নির্মাণ স্থানে ভাঙন দেখা দিলে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেশকাল নিউজ

Leave a Reply