মোজাম্মেল হোসেন সজল: অরক্ষিত হয়ে পড়েছে মুন্সীগঞ্জের মেঘনা। ডাকাতি, চাঁদাবাজি ও বালু লুটের আধিপত্য নিয়ে ভৌতিক রূপে ফিরেছে জলদস্যুরা। গোলাগুলিতে নিহত হচ্ছে একের পর এক নৌডাকাত দলের সদস্য। কিন্তু শীর্ষ নৌডাকাতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর তেমন কোনো তৎপরতা নেই।
যখন যে দল ক্ষমতায় আসে, সে দলের ছত্রছায়ায় মেঘনার বিভিন্ন নৌযানে চাঁদাবাজি, ডাকাতি ও নদীতে বালু কেটে নেওয়ার অভিযোগ রয়েছে কিবরিয়াসহ জলদস্যুদের বিরুদ্ধে। কিবরিয়া মিয়াজী ঢাকা নহানগর উত্তর মুজিব সেনা ঐক্য পরিষদ লীগের আহ্বায়ক।
এদিকে, মেঘনার শীর্ষ জলদস্যু কিবরিয়া মিয়াজী গং মেঘনাপাড়ের মানুষের জমিজমা ড্রেজার বসিয়ে কেটে নেওয়ার অভিযোগে গত ১২ আগস্ট ও ২৯ জুলাই জেলা প্রশাসকসহ পুলিশ সুপারের কাছে দুই দফা স্মারকলিপি দিয়েছেন।

মুন্সীগঞ্জ সদরের কালিরচর গ্রামবাসীর পক্ষে কাঞ্চন বেপারী জানান, কালিরচর গ্রামের খালেক মিয়াজীর ছেলে কিবরিয়া মিয়াজী বংশগত নৌডাকাত। মেঘনা নদী ঘেঁষা কালিরচর এলাকার মানুষের ফসলি জমি ড্রেজার দিয়ে কেটে নিয়ে যাচ্ছে। কিবরিয়া মিয়াজীসহ মেঘনার অন্য শীর্ষ ডাকাতদের গ্রেপ্তার করলে ভুক্তভোগী পরিবারগুলো প্রতিকার পেত।
কিবরিয়া মিয়াজীর বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর, গজারিয়া ও চাঁদপুরের মতলব উত্তর থানায় ১১টি মামলা রয়েছে। এর মধ্যে ৩টিতে খালাস পেয়েছে। বর্তমানে ৩টি হত্যা ও ডাকাতির মামলা মিলে মোট ৮টি মামলা রয়েছে। মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, মুন্সীগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু ইলিয়াস শান্ত হত্যা মামলার প্রধান আসামি কিবরিয়া। এ ব্যাপারে নিহত শান্তর স্ত্রী শান্তা বেগম জানান, ২০২৪ সালের ১ নভেম্বর মেঘনা নদীর জাজিরা-বকচর এলাকায় পরিকল্পিতভাবে শান্তকে হত্যা করা হয়। হত্যার প্রধান আসামি নৌডাকাত কিবরিয়া মিয়াজীসহ আসামিদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কিন্তু পুলিশ আজও হত্যা মামলার মূল আসামিদের গ্রেপ্তার করেনি। গ্রেপ্তারে কোনো তৎপরতা নেই পুলিশের। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
তিনি আরও জানান, কিবরিয়া ডাকাতকে গ্রেপ্তারের ব্যবস্থা না করলে তিনি এবং তার পরিবারের কেউ এই বিএনপি করবে না। যে বিএনপি নিজ দলের কর্মীর পক্ষে দাঁড়ায় না, হত্যাকারীর পক্ষে থাকে এবং আশ্রয় দেয়, সে বিএনপি আমরা করতে পারি না।
এদিকে, এই জলদস্যুকে মুন্সীগঞ্জ জেলা বিএনপির একটি অংশ বালু লুটের কাজে নেওয়ার ফলে হতাশ হয়ে পড়েছেন নিহত যুবদল নেতার পরিবার ও স্থানীয় বিএনপির ত্যাগী নেতাকর্মীরা।
এলাকাবাসী জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নড়েচড়ে বসলে মেঘনার দখল-বাণিজ্য নিয়ে ডাকাতদল বেপরোয়া হয়ে ওঠে। মেঘনার টলটলে পানি রক্তে রাঙা হয়ে পড়ে। রক্তক্ষয়ী সংঘর্ষে ঘটে প্রাণহানি। আওয়ামী লীগ সমর্থক জলদস্যু কিবরিয়া মিয়াজী মেঘনায় মূর্ত আতঙ্কে পরিণত হয়।
আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও ঢাকার কয়েকজন বিএনপি নেতাকে ম্যানেজ করে মেঘনায় ভয়ঙ্কর রূপ ধারণ করে মানুষের জমিজমা কেটে নেওয়াসহ খুন-খারাবিতে জড়িয়ে পড়ে। ঢাকায় টাকার বিনিময়ে রাজনৈতিক নেতাদের ম্যানেজ করে হয়ে যায় নৌ শ্রমিক নেতা জলদস্যু কিবরিয়া গং।
গজারিয়ার একটি অবৈধ বালু মহাল ও মুন্সীগঞ্জ সদরের কালিরচর এবং মুন্সীগঞ্জ-চাঁদপুরে নদীর দখল নিয়ে কিবরিয়া মিয়াজী, নয়ন-পিয়াস, বাবলা, লালু, শুটার মান্নান, কানা জহিরের মতো শীর্ষ ডাকাতরা বেপরোয়া হয়ে ওঠে। শুরু হয় একের পর এক হত্যাযজ্ঞ। আওয়ামী লীগ আমলে বেপরোয়া ছিল জলদস্যু জিতু।
এদের প্রত্যেকের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজিসহ ১০-২২টি করে মামলা রয়েছে। এদের মধ্যে বাবলা ডাকাত ও শুটার মান্নান মেঘনায় প্রতিপক্ষের গুলিতে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত ৩০ জানুয়ারি সদর উপজেলার চরআব্দুল্লাহপুর ও চাঁদপুরের মোহনপুর সীমান্তে মেঘনায় অবৈধ বালু উত্তোলন নিয়ে দুই জলদস্যু কিবরিয়া ও কানা জহির গংয়ের গোলাগুলিতে নিহত হয় দুই যুবক রিফাত (২৯) ও রাসেল (৩০)। পরদিন চর কালিরচরে প্রতিপক্ষ কানা জহির গংয়ের হামলায় গুলিবিদ্ধ হন অন্তঃসত্ত্বা নারী পিংকি আক্তার। ১৯ জুন মেঘনা নদীতে গ্রামবাসী ও ড্রেজার শ্রমিকদের সংঘর্ষে ৫ জন আহত হয়। একটি ড্রেজার পুড়িয়ে দেওয়া হয়।
২৬ জুলাই কালিরচর এলাকাবাসী অবৈধ বালু কাটার বিরুদ্ধে বাধা দিতে গেলে গ্রামবাসীর ওপর গুলি ছোড়ে জলদস্যুরা।
২৮ জুলাই গজারিয়ায় বালু বিরোধে মেঘনায় “শুটার মান্নান” নিহত হয়। আহত হয় আরও ৬ জন। গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ দিন চিকিৎসাধীন থাকার পর গত ১৬ আগস্ট নিহত হয় শুটার মান্নান গ্রুপের জলদস্যু হৃদয় বাঘ (২৮)। এই দুই জলদস্যু হত্যার ঘটনায় ১৭ আগস্ট রাত সাড়ে ৭টার দিকে গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে প্রতিপক্ষের জলদস্যু লালু-সৈকত গং তাদের স্বজনদের ৮টি বসতঘরে আগুন ধরিয়ে দেয়।
৩০ জুলাই কালিরচরে গ্রামবাসীর ধাওয়ায় পুড়িয়ে ফেলা হয় ২টি ড্রেজার। একই দিনে ২ জন ড্রেজার শ্রমিককে আটক করে ২ লাখ টাকা জরিমানা করে উপজেলা প্রশাসন।
গত ৯ আগস্ট সকালে গজারিয়া উপজেলার ষোলআনী এলাকা থেকে মেঘনার জলদস্যু ‘শুটার মান্নান’ হত্যা মামলার অন্যতম পলাতক আসামি জলদস্যু আজিজুর রহমান পলাশ গাজীকে (৩৯) পুলিশ গ্রেপ্তার করেছে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, একটি রামদা ও তিনটি ছেনি দা উদ্ধার করে।
মুন্সীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল আলম জানান, জলদস্যু কিবরিয়ার বিরুদ্ধে বর্তমানে ৩টি হত্যা ও ডাকাতিসহ ৮ মামলা চলমান রয়েছে। ওয়ারেন্টও আছে তার বিরুদ্ধে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মুন্সীগঞ্জ সিআইডির ইন্সপেক্টর মো. আনোয়ার বলেন, শান্ত হত্যা মামলায় গ্রেপ্তারকৃত ট্রলার চালক মিন্টুকে আগামী মাসের প্রথম সপ্তাহে ২ দিনের রিমান্ড চাওয়া হবে। রিমান্ডে আনার পর তাকে জিজ্ঞাসাবাদে মামলার অগ্রগতি বা আমরা পরবর্তী পদক্ষেপ নেবো।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্বে জড়াচ্ছে কয়েকটি পক্ষ। জলদস্যুদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নদীতে নিয়মিত নৌ পুলিশ ও থানা পুলিশের নজরদারি রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মো. ফিরোজ কবির বলেন, অপরাধীর কোন দল নেই। আমাদের কাছে তাদের পরিচয় সন্ত্রাসী। তাদের গ্রেপ্তারে আমরা জিরো টলারেন্স। আমাদের অভিযান চলমান। ইতোমধ্যে মেঘনার জলদস্যু নয়ন-পিয়াসের ভাই জলদস্যু রিপনসহ কয়েকজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
নৌ পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, নদীতে সংঘটিত ঘটনাগুলোর মামলা নৌপুলিশ তদন্ত করে থাকে। মেঘনার নদীতে নিরাপত্তায় নৌপুলিশ কাজ করে যাচ্ছে। রাতে এবং সীমানার বাইরে আমরা কাউকে মাটি বা বালু কাটতে দেই না।
অবজারভার

Leave a Reply