জনবল ও ওষুধ সংকট: ‘সেবা মিলছে না’ মুন্সীগঞ্জের পশু হাসপাতালে

মুন্সীগঞ্জে জনবল ও ওষুধের সংকট এবং নানা ধরনের অনিয়মের কারণে পশু হাসপাতালগুলোর অবস্থা বেহাল। প্রান্তিক খামারিরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। অথচ প্রতিটি উপজেলায় একটি করে পশু হাসপাতাল, জেলা শহরে একটি ভেটেরিনারি হাসপাতাল ছাড়াও সব ইউনিয়নে প্রাণিসম্পদ বিভাগের প্রজনন কেন্দ্র রয়েছে। কর্তৃপক্ষ বলছে, এ সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

মুন্সীগঞ্জের বর্ষারচর গ্রামের রুহুল আমিন ২৫ বছর ধরে গরু পালন করছেন। তার খামারে বর্তমানে ১২টি গরু রয়েছে, যা গত বছরের ২০টির কম। রুহুল আমিন অভিযোগ করেন, উপজেলা পশু হাসপাতাল ও জেলা ভেটেরিনারি হাসপাতালে গিয়ে কাঙ্ক্ষিত সেবা পাওয়া যায় না।

প্রান্তিক খামারিরা বলছেন, ইউনিয়ন পরিষদে পশুসম্পদ বিভাগের কেন্দ্র থাকলেও বাস্তবে তা কার্যত নেই।

রুহুল আমিন বলেন, ‘আমরা সরকারি ডাক্তার পাই না। কমপক্ষে দুই থেকে তিন হাজার টাকা খরচ করে ডাক্তারকে ডাকা যায়, তারপরও সময়মতো সেবা পাওয়া যায় না। এই বিলম্বের কারণে অনেক খামারি ক্ষতির মুখে পড়েন।’

রুহুল আমিনের মতো হাজার হাজার প্রান্তিক খামারি এখন গরু-বাছুর নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। শুধু চিকিৎসা নয়, বংশবিস্তারের ক্ষেত্রে গাভির বীজ প্রয়োগেও রয়েছে অভিযোগ। তারা বলছেন, জেলা ও উপজেলায় যথেষ্ট সংখ্যক হাসপাতাল এবং প্রজনন কেন্দ্র থাকলেও সঠিক সেবা পাওয়া যায় না।

মুন্সীগঞ্জ চরকেওয়ার ইউনিয়ন পরিষদের সেবা কর্মী জাহিদ হোসেন বলেন, ‘আমাদের এখানে বসার স্থান নেই। যদি বসার ব্যবস্থা করা হয়, আমি শতভাগ সময় উপস্থিত থাকব।’

চরকেওয়ার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গাজী দেলওয়ার হোসেন বলেন, ‘আমি এখনও কাউকে দেখিনি যে আমাদের এখানে আসছেন বা পশুপালন সংক্রান্ত বিষয় নিয়ে আলাপ করছেন। আমার নজরে এমন কিছু আসে নি।’

তবে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানাচ্ছেন, জেলায় ৭৭ জনবলের বিপরীতে আছে ৫৫ জন। এরমধ্যে আবার ৫ জন ডেপুটেশনে। তারপরও প্রতি মাসে প্রায ১২ হাজার গবাদিপশুর চিকিৎসা দেয়া হয়। সমস্যাগুলো সমাধানের চেষ্টা চলছে।

মুন্সীগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এম. জলিল বলেন, ‘জনবল কম থাকা সত্ত্বেও এখানে গরু ও অন্যান্য প্রাণীর সংখ্যা অনেক বেশি। যেখানে তাৎক্ষণিক সেবা দেয়ার জন্য লোক কম থাকে। আমরা চেষ্টা করব, খামারিরা যাতে তাৎক্ষণিকভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করে সেবা পেতে পারে।’

প্রাণিসম্পদ বিভাগের তথ্যমতে, জেলায় ২ লাখ ৬৯ হাজার ৩১৪টি গরু রয়েছে। খামারের সংখ্যা ১০ হাজার ৪৫২টি।

সময় সংবাদ

Leave a Reply