মুন্সীগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগ

ধর্মান্তরিত করে বিয়ের পর অর্থ-সম্পদ লুট, জোরপূর্বক ডিভোর্সসহ শারীরিক ও মানসিক নির্যাতন করার অভিযোগ এনে ন্যায় বিচারের দাবিতে মুন্সীগঞ্জ জেলা যুবদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন তার সাবেক স্ত্রী।

রোববার (১৪ সেপ্টম্বর) দুপুরে মুন্সীগঞ্জ প্রেসক্লাবে ভুক্তভোগী গৃহবধূ মৌসুমী হক সংবাদ সম্মেলনে জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্নার বিরুদ্ধে নানা অভিযোগ তুলেন।

মোসুমী হক জানান, ২০১১ সালে এফিডেভিটের মাধ্যমে প্রথম বিয়ে করে দেশ বিদেশে তারা অবস্থান করেন। পরবর্তীতে ২০২১ সালের ১৭ মে ধর্ম পরিবর্তন করে মৌসুমী দাস থেকে মৌসুমী হক নাম পরিবর্তন করেন। এরপর মুসলিম শরিয়ত মোতাবেক পরদিন ১৮ মে মৌসুমী হককে যুবদল নেতা মোজাম্মেল হক মুন্না পুনরায় বিয়ে করেন। পরে বিভিন্ন সময় তার কাছ থেকে ১৮ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৮৪ লাখ টাকা লুটে নেয় এবং মৌসুমীর রাজধানীর উত্তরায় একটি ফ্ল্যাট দখলে নেন মুন্না। দীর্ঘদিন সংসার করলেও গতবছরের ৫ আগস্ট সরকার পতনের পর আচমকা পরিবর্তন হতে শুরু করে সে। গত বছরের ১লা আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত মৌসুমী হক ও তার স্বামী যুবদল নেতা মোজাম্মেল হক মুন্না মালয়েশিয়ায় ছিলেন। সেখানে তিনমাস থাকার প্রস্তুতি নিয়েছিলেন। পরবর্তীতে ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটায় ৬ আগস্ট মৌসুমী হককে নিয়ে মুন্না বাংলাদেশে ফিরে আসেন। এরপর পট পরিবর্তনে চলতি বছরের ৬ মার্চ জোরপূর্বক তাকে ডিভোর্স দিতে বাধ্য করান বলে মৌসুমী হক অভিযোগ তুলেন।

মৌসুমী হক আরও অভিযোগ করেন, ডিভোর্সের পর লুটে নেওয়া অর্থ-স্বর্ণালঙ্কার ফেরত চাইলেও যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখেন মুন্না। দখলে রাখা ফ্ল্যাটও ছাড়ছে না, বরং এ ঘটনায় আদালতে মামলা করলে বিভিন্ন সময় হুমকি-ধামকি দেওয়া হচ্ছে।

সাংসারিক জীবন চলমান রাখা অবস্থায় মুন্না আরও চারটি বিয়ে করেছেন। ভুক্তভোগী ওই নারী এখন স্বামী নয়, তার ন্যায্য পাওনা ফিরে পেতে চান।

এ ঘটনায় অর্থ-সম্পদ ফেরত পাওয়া ও যথাযথ বিচারের দাবি জানান তিনি।

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে মোজাম্মেল হক মুন্না বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ অসত্য ও বানানো। ফ্ল্যাট তার নিজের। স্বর্ণালঙ্কার সে তার ব্যবসার কাজে বন্ধক রেখে টাকা নিয়েছেন। ধর্ম পরিবর্তন তাকে না জানিয়ে হয়েছেন। মৌসুমী হক ডিভোর্সও স্ব-ইচ্ছায় দিয়েছেন।

অবজারভার

Leave a Reply