মুক্তারপুর-পঞ্চবটি দ্বিতল সড়কের কাজ ৭৯ শতাংশ সম্পন্ন

প্রকল্পটি ২০২৬ সালের জুনের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
কাজী সাব্বির আহমেদ দীপু: মুন্সীগঞ্জের মুক্তারপুর-পঞ্চবটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে (দ্বিতল সড়ক) নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এই প্রকল্পটি জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নের একটি অংশ। এখন পর্যন্ত প্রকল্পের ৭৯ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক মো. ওয়াহিদুজ্জামান। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে এবং মানসম্মতভাবে কাজ শেষ করতে তিন শিফটে দিন-রাত কাজ চলছে।

প্রকল্পটি ২০২৬ সালের জুনের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। তখন যান চলাচলের জন্য সড়কটি খুলে দেওয়া হবে। এতে করে মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও ঢাকার মধ্যে সরাসরি যোগাযোগ সহজ হবে। একই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট অঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে যাওয়া যানবাহনকে আর ঢাকা শহরের মধ্য দিয়ে যেতে হবে না। ফলে যানজট অনেকাংশে কমে আসবে।

প্রকল্পের আওতায় মোট ১০.৩৭ কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মিত হচ্ছে। এর মধ্যে প্রায় ৯.৬ কিলোমিটার হবে এলিভেটেড বা দ্বিতল সড়ক এবং বাকি অংশ হবে অ্যাটগ্রেড, অর্থাৎ মাটির সমতলে নির্মিত রাস্তা। পুরো প্রকল্পটি ৬ লেনবিশিষ্ট মহাসড়ক হিসেবে নির্মিত হচ্ছে। এ ছাড়া থাকছে টোল প্লাজা, গোলচত্বর, সংযোগ সড়ক, ওজন পরিমাপক কেন্দ্র এবং র‌্যাম্প।

প্রকল্পের প্রাথমিক ব্যয় ছিল ২ হাজার ৬৫৯ কোটি টাকা। পরে তা বাড়িয়ে প্রায় ৩ হাজার ৩০০ কোটি টাকায় উন্নীত করা হয়। দুইটি চীনা প্রতিষ্ঠান- “স্যানডং লুকিয়াও গ্রুপ” এবং “স্যানডং ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেশন গ্রুপ”- এই কাজ বাস্তবায়ন করছে।

পঞ্চবটি থেকে কাশিপুর পর্যন্ত ৩.৫ কিলোমিটার অংশ হবে অ্যাটগ্রেড সড়ক এবং কাশিপুর থেকে চর সৈয়দপুর পর্যন্ত ২.৭৬ কিমি নিচু ভূমির ওপর দিয়ে নির্মিত হবে। যানজট নিরসনে পঞ্চবটি মোড় থেকে ফতুল্লা ও নারায়ণগঞ্জের চাষাঢ়ার দিকে ৩১০ মিটার করে ৬ লেনের দুটি সংযোগ সড়ক নির্মিত হচ্ছে। মুক্তারপুর সেতুর দক্ষিণ প্রান্তে ৪৪৩ মিটার সড়ক ৪ লেনে উন্নীত করা হবে। চর সৈয়দপুর এলাকায় তৃতীয় শীতলক্ষ্যা সেতু সংযোগস্থলে থাকবে একটি গোলচত্বর। নিচতলায় গাড়ি চলাচল ফ্রি হলেও দোতালায় চলতে হলে টোল দিতে হবে।

এ পর্যন্ত প্রকল্পের আওতায় ১ হাজার ৫০০টিরও বেশি গার্ডার তৈরি হয়ে গেছে এবং অনেক গার্ডার ইতোমধ্যে বসানো হয়েছে। মোট ২৭৩টি স্প্যানের মধ্যে প্রায় ১৫০টির ডেক স্ল্যাব ঢালাই শেষ হয়েছে। বাকিগুলোর কাজ চলছে। পঞ্চবটি এলাকায় গার্ডার স্থাপন ও ডেক স্ল্যাবের কাজ পুরোদমে চলছে।

তবে কিছু সমস্যা এখনো রয়ে গেছে। নারায়ণগঞ্জের গোপচর এলাকায় জমি অধিগ্রহণের টাকা এখনও পরিশোধ না হওয়ায় সেখানে কাজ কিছুটা ধীরগতিতে চলছে। এই কারণে গার্ডার স্থাপনে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে অধিগ্রহণের কাজ শেষ হলে গার্ডার ও ডেকের কাজ আরও দ্রুত করা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক।

প্রকল্পটি ২০২০ সালের ৮ ডিসেম্বর একনেক সভায় অনুমোদিত হয়। এর আগে ২০০৮ সালে ধলেশ্বরী নদীর ওপর নির্মিত ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতু উদ্বোধনের পর থেকে এর সংযোগ সড়ক হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল পঞ্চবটি-মুক্তারপুর সড়ক। তবে সড়কটি সরু (প্রশস্ততা মাত্র ৫.৫ মিটার) ও আঁকাবাঁকা হওয়ায় যানজট লেগেই থাকত।

মুন্সীগঞ্জের মুক্তারপুর এলাকায় ৫টি সিমেন্ট কারখানা, ৬টি হিমাগার এবং নানা শিল্প প্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন শত শত ভারী যানবাহন এই সড়কে চলাচল করে। দুর্ঘটনাও ঘটে প্রায়ই। আবার বিসিক শিল্পনগরী ও গার্মেন্টস কারখানার শ্রমিকসহ লক্ষাধিক মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন।

এসব দিক বিবেচনায় নিয়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ‘পঞ্চবটি থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও দোতলা রাস্তা নির্মাণ’ প্রকল্প হাতে নেয়। প্রকল্প পরিচালক জানান, সব প্রতিবন্ধকতা কাটিয়ে দ্রুতগতিতে কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্প শেষ করে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে বলে আশা করা যাচ্ছে।

দেশ কাল নিউজ

Leave a Reply