জব্দ ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। জব্দ জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদী সংলগ্ন বিভিন্ন চর ও এলাকায় এবং মেঘনা নদীতে বিশেষ যৌথ অভিযান চালিয়ে ৯ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে যৌথ বাহিনী ও নৌ পুলিশ। এ সময় ১০ জেলেকে আটকের পর বিভিন্ন পরিমাণে অর্থদণ্ড করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার লৌহজং উপজেলার পদ্মা নদী সংলগ্ন বিভিন্ন চর ও এলাকায় বিশেষ যৌথ অভিযান চালিয়ে নিষিদ্ধ সময়ে নদীতে মাছ ক্রয় ও বিক্রয়ের অভিযোগে ১০ জনকে আটক করা হয়। এছাড়া অভিযানের সময় প্রায় ৮ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩০-৩৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। অভিযানে আটকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড আদায় করা হয়।

জব্দ ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। জব্দ জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়। এ সময় স্থানীয় জনসাধারণকে সতর্ক ও সচেতন করা হয়।
জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, সেনাবাহিনীর মাওয়া আর্মি ক্যাম্প, লৌহজং থানা পুলিশ, মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ি, মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ কোস্টগার্ডের সমন্বয়ে এ যৌথ অভিযান পরিচালিত হয়।
চর আব্দুল্লাপুর নৌ ফাঁড়ির ইনচার্জ মাহাবুব আলম জানান, শনিবার দিনভর মেঘনা নদীতে অভিযান চালিয়ে এক লাখ মিটার কারেন্ট জাল জব্দ এবং ১০ কেজি ইলিশ উদ্ধার করা হয়েছে। এসআই সাহাবুল আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসন ও নৌ পুলিশ জানিয়েছে, জব্দ বিপুল পরিমাণের কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। এছাড়া দণ্ডপ্রাপ্ত জেলেদের মুন্সীগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।
দেশকাল নিউজ

Leave a Reply