“ধারণা করা হচ্ছে, হত্যা করে তার অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে।
মুন্সীগঞ্জের সদর উপজেলায় নিখোঁজ এক অটোরিকশা চালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার পূর্ব রতনপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানিয়েছেন।
নিহত ৪৫ বছর বয়সী মোহাম্মদ মজিবল মাঝির গ্রামের বাড়ি বরিশাল জেলার হিজলা উপজেলার চর কুশারিয়া এলাকায়।
তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে শান্তিনগর এলাকার বাধন সরকারের গ্যারেজে তার নিজের অটোরিকশা রাখতেন ও চার্জ দিতেন।

পুলিশ বলছে, গত শুক্রবার বিকালে লৌহজংয়ের মাওয়া যাওয়ার জন্য গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হন মজিবল। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে ঢাকায় বসবাসকারী তার ছেলে রাসেল মিয়া রোববার মুন্সীগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
তিন সন্তানের জনক মজিবল চাকরির জন্য মুন্সীগঞ্জে একাই থাকতেন৷ তার পরিবারের সদস্যরা গ্রামের বাড়িতে থাকেন।
স্থানীয়দের বরাতে ওসি সাইফুল আলম বলেন, সকালে রতনপুর এলাকায় খালের মধ্যে একটি ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এরপর্ মজিবলের ছেলে তার মরদেহ সনাক্ত করেন৷
মজিবলের অটোরিকশাটির সন্ধান মেলেনি জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলছেন, “ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে।”
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
বিডিনিউজ

Leave a Reply