সন্ত্রাসের জনপদ মোল্লাকান্দি
মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে এলাকায় আধিপত্যের দ্বন্দ্বের জেরে এক সপ্তাহের মধ্যে তিনজন নিহত হয়েছেন। গত ১০ নভেম্বর আরিফ মীর (৩৫), ইমরান খান ও রায়হান খান (২২) গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হলে আরিফ মীর এবং পরে রায়হান মারা যান। এতে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
মৃত আরিফ মীরের স্ত্রী পারুল বেগম মঙ্গলবার (১১ নভেম্বর) মুন্সীগঞ্জ সদর থানায় ৫৬ জনকে আসামি করে মামলা করেছেন। এছাড়াও অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি করা হয়েছে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান আতিক মল্লিক ও মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ মোল্লাকে। তবে রায়হান হত্যার ঘটনায় এখনও মামলা হয়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকার আধিপত্য নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আতাউর রহমান আতিক মল্লিক ও মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ মোল্লা এবং আওলাদ মোল্লা-উজির আলী গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সোমবার (১০ নভেম্বর) সকাল ৬টায় আতিক মল্লিক সমর্থক শাহ কামাল মীর ও জিন্নত মীরের নেতৃত্বে প্রতিপক্ষের ওপর হামলা চালায়, ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করা হয়।
আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে দায়িত্বরত চিকিৎসক আরিফ মীরকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ ইমরান গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপর গুলিবিদ্ধ রায়হানকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে পরে ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয় এবং মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর সোয়া ২টায় রায়হান মারা যান।
মোল্লাকান্দিতে আরিফ মীরের হত্যার পর সারাদিন চলেছে বোমা বিস্ফোরণ ও গুলিবর্ষণ। বিস্ফোরণে এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে।
এর আগে, গত ২ নভেম্বর রাত ৯টা ৩০ মিনিটে মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি ক্লিনিকের সামনে তুহিন দেওয়ান (২২) নামে একজনকে হত্যা করা হয়। নিহত তুহিন স্থানীয় আতিক মল্লিক গ্রুপের সমর্থক ছিলেন।
মুন্সীগঞ্জ পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার জানান, মোল্লাকান্দিতে কোনো অপরাধী ছাড় পাবে না। চরাঞ্চলে অপরাধ দমনে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। চর, মাঠ ও নদী থাকার কারণে অভিযানের সময় অপরাধীরা পালিয়ে যায়। তবে এবার ব্লক দিয়ে অভিযান চালিয়ে তাদের ধরে আনা হবে।
পুলিশ জানিয়েছে, মোল্লাকান্দিতে দুটি পক্ষ রয়েছে- একপক্ষ আতাউর মল্লিক ও ওয়াহিদ মোল্লা, অন্যপক্ষ আওলাদ মোল্লা, উজির আলী ও জাহাঙ্গীরের নেতৃত্বে। আগে এলাকা ছিল আওলাদ মোল্লার দখলে, এখন প্রতিপক্ষ উঠেছে। মূল দ্বন্দ্ব এখানেই নিহিত।
অবজারভার

Leave a Reply