আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসের জনপদ মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে বিএনপির দু’গ্রুপের গোলাগুলিতে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার রাত ৭টার দিকে সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের পূর্ব মাকহাটি গ্রামে এ ঘটনা।
গুলিবিদ্ধ নাজাতকে (১৭) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
নাজাত পূর্ব মাকহাটি গ্রামের ধুইক্কা মোল্লার ছেলে। বিএনপি নেতা আওলাদ মোল্লা গ্রুপের সমর্থক গুলিবিদ্ধ নাজাত।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে মোল্লাকান্দির পূর্ব মাকহাটি গ্রামে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান আতিক মল্লিক ও প্রতিপক্ষের বিএনপি নেতা আওলাদ মোল্লা গ্রুপের মধ্যে দুই ঘন্টা ধরে ধাওয়া পাল্টা ধাওয়া, শতাধিক বোমা বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। সে সময় আতিক মল্লিকের বাড়ি সংলগ্ন জমিতে নাজাত গুলিবিদ্ধ হয়। রাত সাড়ে ৮টার দিকে গুলিবিদ্ধ নাজাতকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে রেফার করেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এ এস এম ফেরদাউস বলেন, ‘ডান পাশের কোমড়ে গুলিবিদ্ধ নাজাতকে হাসপাতালে নিয়ে আসা হলে তাকে ঢামেক হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম সাইফুল আলম বলেন, ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।’
এর আগে গত ০২ ও ১০ নভেম্বর মোল্লাকান্দিতে দু’গ্রুপের দ্বন্দ্বে গুলিবিদ্ধ হয়ে তুহিন দেওয়ান (২২), আরিফ মীর (৩৫) ও রায়হান খান (২২) গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
অবজারভার

Leave a Reply