সিরাজদিখানে যুবলীগ–ছাত্রলীগের মিছিলের ঘটনায় এসআই ক্লোজড, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে প্রকাশ্যে মিছিল হয়েছে। এ ঘটনায় সিরাজদিখান থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামানকে ক্লোজড করে মুন্সীগঞ্জ পুলিশ লাইনে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার এলাকায় স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ সমর্থিত নেতাকর্মীরা হঠাৎ করে এই মিছিল বের করেন। অভিযোগ রয়েছে, মিছিলটি পুলিশের সামনেই অনুষ্ঠিত হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মালখানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মকবুল হোসেন দেওয়ান (৫৪), মো. সোহেল শেখ (৩৫) ও মন্টু ভুইয়া (৩০)।

স্থানীয়রা জানান, সিরাজদিখান উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটুর নেতৃত্বে মঙ্গলবার সকাল ৯টার দিকে বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার এলাকায় যুবলীগ ও ছাত্রলীগ–সমর্থিত নেতাকর্মীরা এই মিছিল বের করেন।

এদিকে স্থানীয়দের ভাষ্য, মিছিলের নেতৃত্বদানকারী জহিরুল ইসলাম লিটু হলেন সিরাজদিখান শেখরনগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শেখ আমজাদ হোসেন এবং শেখরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ মো. আমজাদ হোসেনের অনুসারী। আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন আবার উপজেলা বিএনপি সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ মো. আব্দুল্লাহর ভাই। ঘটনাটি ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র আলোচনা–সমালোচনা চলছে।

পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার জানান, মিছিলের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি থেকে নামার পরই মিছিলকারীরা আটক এড়াতে পালিয়ে যায়। মিছিলকারীদের গ্রেপ্তারে ব্যর্থ হওয়ায় এসআই মো. কামরুজ্জামানকে ক্লোজড করা হয়েছে।

অবজারভার

Leave a Reply