মীর নাসিউদ্দিন উজ্জ্বলঃ প্রাচীন সভ্যতার জনপদ মুন্সীগঞ্জ তথা বিক্রমপুর। জ্ঞানতাপস অতীশ দীপঙ্কর আর জগদ্বিখ্যাত বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর স্মৃতিবিজড়িত জনপদটিতে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। তবে রাজধানীর কাছের এই জেলাটি যেন আলোর নিচে অন্ধকার। তাই সম্ভাব্য প্রার্থীরা উন্নয়ন ভাবনার ফিরিস্তি নিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। মুন্সীগঞ্জে আসনসংখ্যা এখন তিনটি।
নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের তিনটি আসনজুড়েই বিএনপি ও জামায়াত সক্রিয়। নির্বাচনী মাঠে নানাভাবে তৎপরতা চালাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। তারা পরিচিতি বাড়াতে নিজের ছবি সংবলিত বিলবোর্ড, ফেস্টুন ও ডিজিটাল ব্যানার লাগিয়ে সরগরম করে তুলছেন ভোটের মাঠ। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত মুন্সীগঞ্জে ভাগ বসাতে মরিয়া এখন জামায়াতে ইসলামী। আর বিএনপি মাঠ ঘুছিয়ে নিচ্ছে। কেউ কাউকে ন্যূনমত ছাড় দিতে নারাজ। বিএনপির টার্গেট তিনটি আসনেই তাদের ঘাঁটি পুনরুদ্ধার। এনসিপিও রয়েছে নির্বাচনের মাঠে। তাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠবে এবারের নির্বাচন।
মুন্সীগঞ্জের তিন আসনের মধ্যে ১ ও ২ নম্বর আসনে সম্ভাব্য চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। তবে ৩ নম্বর আসনে চূড়ান্ত মনোনয়ন এখনো বাকি। অন্যদিকে জামায়াতে ইসলামী তিনটি আসনেই প্রার্থী চূড়ান্ত করেছে। আর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী তরুণ নেতৃত্ব প্রতিষ্ঠার আওয়াজ নির্বাচনী এলাকার আনাচে-কানাচে পৌঁছাতে চলছে নানা প্রস্তুতি। তিন আসনে এনসিপির মনোনয়ন জমা দিয়েছেন ৫ সম্ভাব্য প্রার্থী। এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি। তবে তিনটি আসনেই চমক অপেক্ষা করছে বলে আভাস দিয়েছে দলীয় সূত্র।

মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) ॥ শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা নিয়ে গঠিত মুন্সীগঞ্জ-১ আসন। আসনটি নানা কারণেই আলেচিত। যা বিগত দিনে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। এ আসনে বিএনপি থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন দলটির সাবেক মহাসচিব ও প্রয়াত রাষ্ট্রপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী। তিনি দল ছাড়ার পর থেকে এখানকার নেতারা একাধিক ধারায় বিভক্ত হয়ে পড়েন। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির শিবিরে সুবাতাস বইছে। কিন্তু নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ির কারণে বিপাকে পড়তে পারে বিএনপি।
এই আসনে সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ মো. আব্দুল্লাহ দলীয় মনোনয়ন পেয়েছেন। গত ৩ নভেম্বর ঘোষণার পর থেকেই তিনি প্রতিদিন উঠান বৈঠক, গ্রামে-গঞ্জে গণসংযোগ, স্থানীয় নেতাকর্মীদের নিয়ে সমাবেশ, তরুণ ভোটারদের সঙ্গে মতবিনিময় চালিয়ে যাচ্ছেন। পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান আল মুসলিম গ্রুপের কর্ণধার তিনি। তার হাত ধরে শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা বিএনপির কমিটি ও দুই উপজেলার ২৮টি ইউনিয়ন কমিটি গঠিত। এজন্য অধিকাংশ নেতাকর্মী তার সঙ্গে রয়েছেন। তিনিও দুই উপজেলায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন সমানতালে।
তবে এই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক স¤পাদক মীর সরফত আলী সপু এবং জেলা আহ্বায়ক কমিটির সদস্য শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মমিন আলী মনোনয়ন বঞ্চিত হওয়ার পর ঐক্য করেছেন। সঙ্গে রয়েছেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কুদ্দুস ধীরেন। তারা মনোনয়ন পুনর্বিবেচনার দাবি তুলেছেন।
২০০৪ সালের ৬ জুন আসনটির আলোচিত উপনির্বাচনে বিকল্পধারার মাহী চৌধুরীর বিরুদ্ধে বিএনপির প্রার্থী হন আলহাজ মমিন আলী। পরাজিত হলেও শক্ত প্রতিদ্বন্দ্বিতা করেন। শোনা যাচ্ছে- আলহাজ মমিন আলী দলীয় টিকিট না পেলেও নির্বাচনে অংশ নিবেন। তবে মমিন আলী অবশ্য এখনো আশা প্রকাশ করে বলেন, পুনর্বিবেচনা করে আমাকেই মনোনয়ন দিবে দল।
অন্যদিকে শেখ মো. আব্দুল্লাহ বলেন, ‘সম্ভাব্য প্রার্থী ঘোষণার পরপরই তাদের সঙ্গে কথা বলেছেন এবং দলীয় সিদ্ধান্ত মোতাবেক ঐক্যবদ্ধভাবে ধানের শীষের নির্বাচন করার আহ্বান জানিয়েছেন। তার বিশ^াস তারা দলীয় সিদ্ধান্ত মেনে ঐক্যবদ্ধভাবে ভোটে অংশ নিবেন। আর কয়েক দশক পর সিরাজদিখান থেকে মনোনয়ন দেওয়া বাড়াত সুবিধা আসবে।’
এই আসনে জামায়াতের একক প্রার্থী জেলা সেক্রেটারি অধ্যাপক এ কে এম ফখরুদ্দীন রাজী পুরো এলাকা চষে বেড়াচ্ছেন। এলাকায় গণসংযোগ করছেন। স্থানীয় বাজার, চায়ের দোকান, খেয়াঘাট, এমনকি পাড়া-মহল্লার উঠান বৈঠকেও উপস্থিত হচ্ছেন তিনি। ফখরুদ্দীন রাজী বলেন, ‘এই অঞ্চলে উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ গড়াই আমাদের মূল লক্ষ্য। জনগণ যদি সুযোগ দেয় তাদের আকাক্সক্ষা পূরণে কাজ করব।’
আসনটিতে বিএনপির অন্তঃকলহের সুযোগ নিতে পারেন হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ। এক্ষেত্রে দলটির সহসভাপতি ও খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির আমীর মধুপুরের পীর সাহেব আল্লামা আব্দুল হামিদ এ আসনে প্রার্থী হতে পারেন। আসনটিতে ইসলামী আন্দোলনের থেকে প্রার্থী হচ্ছেন কে এম আতিকুর রহমান। আর জাকের পার্টি থেকে প্রার্থী হচ্ছেন সারোয়ার সানী। এনসিপির তিনজন মনোনয়ন জমা দিলেও এখানে হেভিওয়েট কোনো প্রার্থীকে দলে ভিড়িয়ে চমক দেখাতে পারে এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
মুন্সীগঞ্জ-২ (টঙ্গীবাড়ী-লৌহজং) ॥ পদ্মা সেতু তথা পর্যটন হাব মাওয়া এই আসনটির অন্তর্ভুক্ত। পদ্মা নদীর ভাঙনে ক্ষতবিক্ষত এই জনপদটিতে সপ্তম ও অষ্টম সংসদের বিএনপির এমপি মিজানুর রহমান সিনহা এবারও দলীয় মনোনয়ন পেয়েছেন। তিনি বিএনপি সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিলেন। একমি গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান সিনহা এবারও বিএনপির মনোনয়ন পেয়ে এখন জেলার আলোচনার কেন্দ্রবিন্দু। ঘোষণার পর তিনি লৌহজং ও টঙ্গীবাড়ী দুই উপজেলাজুড়েই শোডাউনসহ সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। দলীয় নেতাকর্মীদের মতে দলমত নির্বিশেষে সিনহার ব্যাপক জনপ্রিয়তা ও সাংগঠনিক অভিজ্ঞতা তাকে এ আসনে সুবিধাজনক অবস্থানে রেখেছে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ড. এস এম আসাদুজ্জামান রিপন ও নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এই আসনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন। তবে সম্ভাব্য প্রার্থী ঘোষণার পর এখনো তাদের এক মঞ্চে দেখা যায়নি। তাই বিএনপি এখানে ঐক্যবদ্ধ না থাকলে তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে।
শোনা যাচ্ছে বিএনপি ঘরানার এবং অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের কাছের মানুষ ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যান ইউনুস খান এনসিপি থেকে মনোনয়ন নিয়ে চমক দেখাতে পারেন। সেক্ষেত্রে নির্বাচন বৈতরণী পেরুনোর ক্ষেত্রে কঠিন হতে পারে। এনসিপির জেলার প্রধান সমন্বয়ক মাজেদুল ইসলাম এই আসনে মনোনয়ন জমা দিয়েছেন। তিনি বলেন, ‘দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে নির্বাচন করবে এনসিপি। এনসিপিকে জনগণ রায় দিলে প্রজন্মের উন্নয়নে মাদকমুক্ত, সুশিক্ষিত, দক্ষ ও কর্মসংস্থানমুখী নতুন প্রজন্ম গড়ে তুলব। দারিদ্র্য বিমোচনে কর্মসংস্থান ও আয়ের সুযোগ বৃদ্ধি করে দারিদ্র্যের শৃঙ্খল ভাঙব।’
আসনটিতে জামায়াতে ইসলামীর প্রার্থী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক জেলা আমির এবং ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এ বি এম ফজলুল করিম। তিনি মাঠে সরব রয়েছেন। প্রচার- প্রচারণা ছাড়াও উঠান বৈঠক করছেন প্রতিদিন। অধ্যাপক এ বি এম ফজলুল করিম বলেন, তিনি বিজয়ী হলে মুন্সীগঞ্জ-২ আসনটির নদীতীর আরও নান্দনিকভাবে বাঁধাই করে পর্যটনকে আরও আকর্ষণীয় ছাড়াও রেললাইন বৃত্তাকার করে পুরো ছয় উপজেলার সঙ্গে কানেক্টিভিটি করবেন। দুর্নীতিমুক্ত করে শতভাগ কাজ করে উন্নয়ন তিনগুণে রূপান্তর করবেন।
অন্যদিকে বিএনপির প্রার্থী মিজানুর রহমান সিনহা বলেন, তিনি বিজয়ী হলে এলাকার প্রয়োজনীয় সব উন্নয়নই করা হবে। এছাড়া মাদকমুক্ত পরিবার করে শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দেওয়া হবে। মানুষের শান্তি- শৃঙ্খলা নিশ্চিত করে সন্ত্রাস ও চাঁদাবাজি এবং বালু লুটপাট বন্ধ করা হবে।
মুন্সীগঞ্জ-৩ (গজারিয়া-মুন্সীগঞ্জ সদর) : এটিই সদর আসন হিসেবে পরিচিত। তাই স্থানীয় রাজনীতিতে জেলায় এই আসনের গুরুত্ব বেশি। গুরুত্বপূর্ণ এ আসনের নির্বাচনের তৎপরতা ও ফলাফল পুরো জেলায় প্রভাব ফেলে। তাই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীরা প্রচার-প্রচারণা ব্যাপকভাবে শুরু করেছেন।
তবে এই আসনে এখনো বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়নি। তবে আলোচনায় রয়েছেন কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ, ঢাকা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলামের ছেলে ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম বাবু ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশাররফ হোসেন পুস্তী। স্থানীয় রাজনৈতিক মহলের ধারণা এই আসনে বিএনপি চমক দেখাতে পারে। মুন্সীগঞ্জে সব সময় লড়াই হয়েছে ধানের শীষ ও নৌকা প্রতীকের মধ্যে। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই এ আসনে বারবার জয় পেয়েছে বিএনপি প্রার্থী।
তবে আসন পুনর্বিন্যাসে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকের এম ইদ্রিস আলী জয় লাভ করে। তবে এবার নৌকা প্রতীক না থাকায় বিএনপি প্রার্থীর সহজ বিজয় নিশ্চিত প্রায়। তারপরও জামায়াত মরণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আসনটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবু ইউসুফ জামায়াতের প্রার্থী হয়েছেন। তিনি এখন ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন। তিনি বলেন, ‘মানুষ পরিবর্তন চায়। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।’
সম্ভাব্য প্রার্থী জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন আহমেদ। বিএনপির এ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাই। জটিল রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে তিনি বিছানায় দিন কাটাচ্ছেন। তার অসুস্থতার পর তার ছোট ভাই মহিউদ্দিন আহমেদ তার স্থানটি পূরণ করতে কাজ করছেন। মহিউদ্দিন আহমেদ বলেন, দল মনোনয়ন দিলে মুন্সীগঞ্জ-গজারিয়াবাসীর উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির জন্য কাজ করব। শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে যা যা করতে হয় তাই করা হবে।
অপর মনোনয়নপ্রত্যাশী কামরুজ্জামান রতন বলেন, মুন্সীগঞ্জ ও গজারিয়ার মধ্যবর্তী মেঘনা এবং ফুলদি নদীতে সেতু নির্মাণ করা হবে। এলাকার শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়ার প্রকৃত উন্নয়নে কাজ করব।
এদিকে নির্বাচন বিশ্লেষকরা মনে করছেন এই আসনে বিএনপির অন্তঃকলহ প্রকট। প্রকৃতভাবে ঐক্য ফিরিয়ে আনতে না পারলে বিএনপি জটিল সমীকরণে পড়তে পারে। এই আসনে এনসিপি চেষ্টা চালাচ্ছে বিএনপি ঘরানার একজনকে প্রার্থী করতে ।
জনকন্ঠ

Leave a Reply