হাসাইল বাজারে আ.লীগের কার্যালয় ভাঙচুর দখলের চেষ্টা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার হাসাইল বাজারে দলটির হাসাইল-বানারী ইউনিয়ন কার্যালয় ভাঙচুর করে একদল লোক। এ সময় কার্যালয়টি দখল করে নেওয়ার চেষ্টা চালিয়েছে তারা। খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে ভাঙচুর বন্ধ করে দখল ঠেকান।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ৬টার দিকে উপজেলার কামারখাড়া ইউনিয়নের মালিগাঁও গ্রামের তানজিল মৃধা ও তানভীর মৃধার নেতৃত্বে একদল লোক হাসাইল বাজারে আসে। এ সময় তারা হাসাইল-বানারী ইউনিয়ন আওয়ামী লীগের কাঠ-টিনের তৈরি ওই কার্যালয়ে ভাঙচুর শুরু করে। পরে সেই জায়গা দখল নেওয়ার চেষ্টা চালায়। স্থানীয়রা এগিয়ে গেলে কার্যালয়ের জায়গাটি নিজেদের দাবি করেন তানজিল ও তানভীর। খবর পেয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা সেখানে ছুটে যান। পরে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর বন্ধ হয়।

মোবাইল ফোনে কথা হলে তানজিল মৃধা দাবি করেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে দলটির নেতারা তাদের জমি দখল করে ওই কার্যালয় নির্মাণ করেছিল। তাই নিজেদের জমি উদ্ধার করছেন। তানজিল মৃধা বলেন, ‘আমরা আমাদের জমি উদ্ধার করতে এসেছি।’ প্রশাসনকে অবগত করা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের জমি আমরা উদ্ধার করব, প্রশাসনকে জানানোর কী আছে। তবে সেখানকার আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে থাকায় কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

হাসাইল-বানারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমএ জামান এপোলো বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে জানতে পারি জমির মালিকানা দাবি করে একটি পক্ষ আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর শুরু করে। আমি তাৎক্ষণিক ভাঙচুর বন্ধ করি। কারণ তাদের মালিকানা থাকলে এসিল্যান্ড বা প্রশাসন ভূমিকা নেবে।’ তিনি আরও বলেন, ‘কে বা কারা ভাঙচুর করল, আর পরে সেই দায়ভার আমাদের দলের ওপর এসে পড়বে। সেই বদনাম আমরা নেব না।’

এ প্রসঙ্গে টঙ্গীবাড়ী থানার ওসি মো. সাইফুল আলম বলেন, এ বিষয়ে এখনো কেউ কোনো অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

দেশ রূপান্তর

Leave a Reply