লোকসান ভুলে নতুন করে আলুতে স্বপ্ন বুনছেন কৃষক

কাজী সাব্বির আহমেদ দীপু: সারাদেশের মতো গত মৌসুমে আলুতে ব্যাপক লোকসানের শিকার হয়েছেন মুন্সীগঞ্জের কৃষকরা। লাভ তো দূরের কথা, উৎপাদন খরচই উঠেনি তাদের। লাখ লাখ টাকা লোকসানের বোঝা নিয়ে সর্বস্বান্ত হয়েছেন অনেকে। তবু নতুন মৌসুম ঘিরে ফের মাঠে নেমেছেন তারা। নতুন উদ্যমে আলুতে স্বপ্ন বুনছেন কৃষক।

মুন্সীগঞ্জের মাঠে মাঠে এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখা মিলছে তুমুল ব্যস্ত কৃষকের। হিমাগার থেকে বীজ আলু নেওয়া, কোথাও জমি পরিষ্কার-পরিচ্ছন্ন করা, কোথাও আলু বীজ রোপণে ব্যস্ত সময় পার করছেন তারা।
তবে গত মৌসুমের বাস্তবতা মাথায় রেখে কৃষি দপ্তর এবার জেলায় আলু চাষের লক্ষ্যমাত্রা কমিয়েছে। এবার জেলার ৬টি উপজেলায় ৩৪ হাজার ৬৫৫ হেক্টর জমিতে আলু আবাদ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মুন্সীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, গত বছর ৩৫ হাজার ৭৯৬ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও এ বছর জেলায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৪ হাজার ৬৫৫ হেক্টর। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০ লাখ ৯৭ হাজার ১৪৭ টন আলু।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হাবিবুর রহমান জানান, এ মৌসুমে জেলায় ৩৪ হাজার ৬৫৫ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত মৌসুমে লোকসান হওয়া এবং বিকল্প শস্য উৎপাদনে উব্দুদ্ধ করায় গতবারের তুলনায় এবার আলু আবাদ কমছে। শীতের শুরুতেই সদর, সিরাজদীখান, লৌহজং, টঙ্গিবাড়ী, গজারিয়া ও শ্রীনগর উপজেলা বিস্তীর্ণ এলাকাজুড়ে আলু আবাদ শুরু হয়েছে। সবচেয়ে বেশি আলু আবাদ হচ্ছে জেলা সদরে।

আগের বছর আলুতে ভালো দাম পাওয়ায় গত মৌসুমে আবাদ বাড়িয়েছিলেন কৃষকরা। কিন্তু আলু তোলার পর সিন্ডিকেটের কারসাজিতে মূল্য কমে যায়। এতে উৎপাদন খরচই উঠানো যায়নি। উৎপাদন খরচের চেয়ে বাজারে দাম কম হওয়ায় অনেকে হিমাগার থেকে আলু বেরই করেননি। বছরজুড়ে এ নিয়ে কৃষকরা হাহাকার করলেও অবস্থার পরিবর্তন হয়নি। কৃষকের ক্ষতি কমাতে সরকার হিমাগার থেকে ২২ টাকা কেজি দরে আলু কেনার ঘোষণা দিয়েছিল আগস্টে। তবে শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি। কৃষকের লোকসানের বোঝাও কমেনি।

ব্যস্ততা বাড়ির আঙিনাতেও
এরই মধ্যে নতুন মৌসুম শুরু হওয়ায় নতুন উদ্যমে মাঠে নেমেছেন কৃষকরা। আলুচাষের মাধ্যমেই গতবারের ক্ষতি পোষাতে চান তারা। শীতের আগমনের শুরুতেই জেলার বিস্তীর্ণ এলাকাজুড়ে চলছে আলু রোপণের কর্মযজ্ঞ। কৃষকের ব্যস্ততা দেখে বোঝার উপায় নেই, গত মৌসুমে তারা লাখ লাখ টাকার লোকসানের কবলে পড়েছেন।

নভেম্বরের শেষে শুরু হওয়া আলু রোপণের কাজে ডিসেম্বর মাসজুড়ে ব্যস্ত থাকবেন কৃষকরা। মাঠের পাশাপাশি ব্যস্ততা বাড়ির আঙিনাতেও।

টঙ্গিবাড়ীর ধামারন গ্রামের বাবুল মিয়ার স্ত্রী জুলেখা বেগম জানান, এবার তারা ৬০ শতাংশ জমিতে আলু রোপণ করছেন। স্বামীকে সাহায্য করতে নিজ বাড়ির উঠানে বসেই আলু বীজ কেটে দিচ্ছেন তিনি। প্রতিবেশী গৃহবধূরাও মজুরির বিনিময়ে তাঁর এ কাজে যুক্ত হয়েছেন।

সিরাজদীখান উপজেলার বালুরচর গ্রামের কৃষক আলী মিয়া বলেন, বালুরচর ইউনিয়ন উঁচু ভূমি হওয়ায় আমরা আগাম আলু চাষ করি। এ বছর ৬০ শতাংশ জমিতে আবাদ করেছি।

এসেছেন অন্য জেলার শ্রমিকরাও
মুন্সীগঞ্জের কৃষককুলের ব্যস্ততায় যুক্ত হয়েছেন দেশের বিভিন্ন জেলা থেকে আগত লক্ষাধিক পুরুষ ও নারী শ্রমিক। তাদের কেউ রোজ হিসেবে আবার কেউ সপ্তাহ বা মাস চুক্তিতে কৃষকের জমিতে আলু রোপণে কাজ করছেন।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আলু চাষের মৌসুম এলে ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রামসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে শ্রমিকরা মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায় আসেন। এ জেলার ৬টি উপজেলায় প্রায় এক লাখ শ্রমিক বর্তমানে স্থানীয় কৃষকের সঙ্গে আলু রোপণের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

রংপুর জেলা থেকে আসা শ্রমিক আব্বাস মিয়া জানান, কোথাও চুক্তি অনুযায়ী আবার কোথাও দৈনিক মজুরি নিয়ে তারা কৃষকের জমিতে আলু রোপণ করছেন। এ কাজে তারা ন্যায্য মজুরি পাচ্ছেন বলে জানান।

সমকাল

Leave a Reply