সাংবাদিকরা সমাজের দর্পণ : মুন্সীগঞ্জ পুলিশ সুপার

সাংবাদিকরা হলো সমাজের দর্পণ। তাদের মাধ্যমে সারা পৃথিবীর মানুষ কোনো একটা এলাকার ঘটনা বা পরিস্থিতি পর্যবেক্ষণ করে। মুন্সীগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. মেনহাজুল আলম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এমন মন্তব্য করেন।

সোমবার (১ ডিসেম্বর) বিকাল ৩টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই নবাগত পুলিশ সুপার উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন। পরে সাংবাদিকদের জন্য উমুক্ত আলোচনার ব্যবস্থা করা হয়। সাংবাদিকরা মুন্সীগঞ্জ জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়ে পুলিশ সুপারের সঙ্গে আলোচনা ও পরামর্শ প্রদান করেন।

পরবর্তীতে পুলিশ সুপার বক্তব্যে মাদক, চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, চাঁদাবাজি–এসব অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অবস্থানের কথা জানান। তিনি মুন্সীগঞ্জ জেলা পুলিশকে নিয়ে তার পরিকল্পনার কথাও তুলে ধরেন। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের মাধ্যমে সারা পৃথিবীর মানুষ মুন্সীগঞ্জ জেলা সম্পর্কে ধারণা পায়। তিনি সঠিক তথ্য তুলে ধরার আহ্বানের পাশাপাশি নিরাপদ, মাদকমুক্ত, যানজটমুক্ত ও সহিংসতামুক্ত মুন্সীগঞ্জ গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিডিপ্রতিদিন/

Leave a Reply