মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলা নিয়ে গঠিত মুন্সীগঞ্জ-৩ আসন নিয়ে চলমান জল্পনা–কল্পনার অবসান ঘটল। জেলার তিনটি সংসদীয় আসনের মধ্যে বিএনপির দুর্গ হিসেবে পরিচিত এই আসনে দীর্ঘদিন প্রার্থী ঘোষণা স্থগিত ছিল। শেষ পর্যন্ত এখানে মনোনয়ন পেয়েছেন সাবেক ছাত্রনেতা মো. কামরুজ্জামান রতন। তিনি কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। এর আগে তিনি মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনের পাশাপাশি ফাঁকা রাখা ৬৩ আসনের মধ্যে আরও ৩৬ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন।
এই তালিকায় মুন্সীগঞ্জ-৩ আসনে ধানের শীষের প্রতীক দেয়া হয় কামরুজ্জামান রতনকে। এর আগে গত ৩ নভেম্বর ২৩৭ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছিল বিএনপি। সে তালিকায় বাদ পড়েছিল মুন্সীগঞ্জ-৩ আসনটি।
ওইদিন মুন্সীগঞ্জ-১ আসনে শেখ মো. আব্দুল্লাহ এবং মুন্সীগঞ্জ-২ আসনে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহাকে বিএনপির মনোনয়ন দেয়া হয়।
কামরুজ্জামান রতন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা। বিরোধী আন্দোলনে অংশ নেওয়ার কারণে কয়েকটি মামলায় তিনি তিন মাস মুন্সীগঞ্জ কারাগারে ছিলেন। এখনও তার জ্বালাময়ী স্লোগানে মানুষ মুগ্ধ হয়। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এই নির্বাচনী আসনে সামাজিক ও মানবিক কাজে তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
অবজারভার

Leave a Reply