মুন্সীগঞ্জের শ্রীনগরে ফাও খিচুড়ি খাওয়া নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি রেস্টুরেন্টে ফাঁকা গুলির ঘটনা ঘটেছে। এতে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীনগর-দোহার সড়কের কয়কীর্ত্তন এলাকার ‘খিচুড়ি ঘর’ রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা যায়, গত সোমবার শ্রীনগর থেকে এক ব্যক্তি ওই রেস্টুরেন্টে গিয়ে ৩ প্যাকেট খিচুড়ি পার্সেল নেন। ৪৫০ টাকার মূল্য থেকে রেস্টুরেন্টের ম্যানেজার ৫০ টাকা কম নিলেও ক্রেতা ক্ষুব্ধ হয়ে উচ্চবাচ্য করে চলে যান। এরপর মঙ্গলবার সন্ধ্যায় একই রেস্টুরেন্টে হাজির হন বৈষম্য বিরোধী আন্দোলনে মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার পলাতক আসামি দেউলভোগ সবুজ হাটির সাদ্দাম হোসেন (৪০), তার সঙ্গে ছিলেন বাবু মোল্লা (৩৬), জাকির মোল্লা (৩৮)সহ আরও কয়েকজন।

কথাকাটাকাটির এক পর্যায়ে সাদ্দাম হাতে থাকা পিস্তল দিয়ে উপরের দিকে ফাঁকা গুলি ছোড়েন। এতে রেস্টুরেন্ট ও আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সাদ্দাম ও তার সহযোগীরা পালিয়ে যায়।
এ ঘটনায় দেউলভোগ গ্রামের ফখরুল ইসলামের ছেলে বুলেট (৩৫) শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি নিজেকে যুবদল কর্মী দাবি করে বলেন, রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন তাকে হুমকি দিয়ে আসছিল। এর ধারাবাহিকতায় সাদ্দাম ও তার লোকজন রেস্টুরেন্টে তাকে মারধর করেন এবং পিস্তল সদৃশ অস্ত্র দিয়ে হত্যার চেষ্টা চালান। স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
শ্রীনগর থানা সূত্রে জানা গেছে, অভিযুক্ত সাদ্দামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
শ্রীনগর থানার ওসি তদন্ত মিল্টন দত্ত ফাঁকা গুলির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে, এ ঘটনায় মামলা নেওয়ার প্রস্তুতি চলছে।
অবজারভার

Leave a Reply