মীরকাদিমে জমি থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে প্রভাবশালী চক্র

মুন্সীগঞ্জ সদরের মীরকাদিমে ধলেশ্বরী নদীর তীরের ব্যক্তি মালিকানাধীন কৃষিজমি থেকে রাতে মাটি কেটে নিয়ে যাচ্ছে চিহ্নিত প্রভাবশালী চোর চক্র। এই চক্রের সদস্যরা প্রতি রাতেই বৈদ্যুতিক খুঁটির আশপাশের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লাখ লাখ টাকার মাটি কাটছে এবং সেগুলো বিভিন্ন ইটভাটায় বিক্রি করছে। এতে সেখানে থাকা পল্লী বিদ্যুতের হাইভোল্টেজ বৈদ্যুতিক খুঁটিগুলো প্রতিনিয়ত মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। যেকোনো সময় ঘটতে পারে অনাকাক্সিক্ষত ঘটনা। প্রতি রাতে প্রশাসনের নাকের ডগায় এমন অনিয়ম আর লুটপাটের ঘটনা কিভাবে ঘটছে তা উল্লেখ করে কৃষিজমির মালিকরা পৃথক পৃথকভাবে মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।

গত ৬ ডিসেম্বর মুন্সীগঞ্জ সদর থানায় “মাটি চুরি বন্ধ করে ব্যবস্থা গ্রহণ” প্রসঙ্গে কৃষি জমির মালিক মনছুর আহমেদ কালাম তার অভিযোগে উল্লেখ করে বলেছেন, মুন্সীগঞ্জ উপজেলা নুর হাসেমের পূর্ব পাড় থেকে শুরু করে পূবালী কোল্ড স্টোরেজ এর গেট হয়ে সুদারচর পর্যন্ত প্রায় চার থেকে পাঁচ হাজার ফুট তথা ৭০ একর ব্যক্তি মালিকানাধীন কৃষিজমি থেকে মাটি লুটে নিচ্ছে একটি চক্র। মেসার্স আব্দুর রহমান এন্টারপ্রাইজ, পূর্বপাড়া রিকাবী বাজার মুন্সীগঞ্জ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক আব্দুর রহমান তার প্রতিষ্ঠানের প্যাডে চিফ ইঞ্জিনিয়ার, বিআইডব্লিউটিরএ, মাতিঝিল, বাণিজ্যকি এলাকা, ঢাকা বরাবরে অভিযোগ দেন। তিনি বলেন, নুর হাসেমের পূর্ব পাড় থেকে ২ হাজার ফুট দূরত্ব, পাশ ৫০ ফুট, ৫ ফুট গভীর স্তূপকৃত মাটি ময়লা আবর্জনা, বালু অপসারণের নিমিত্তে দর নির্ধারণপূর্বক আবেদনের ভিত্তিতে এ কে এম আব্দুর রহমান, নির্বাহী প্রকৌশলী (পুর) ড্রেজিং বিভাভ শিমুলিয়া ও নারয়ণগঞ্জ ডিভিশন, ঢাকা স্বাক্ষরিত একটি ভূয়া ও জাল কার্যাদেশ তৈরি করে গত ২ নভেম্বর তারিখ থেকে মাটি উত্তোলন শুরু করে। আমরা বিষয়টি অবহিত হওয়ার পর নির্বাহী প্রকৌশলী ড্রেজিং বিভাগ শিমুলিয়া নারায়ণগঞ্জ ডিভিশনের সাথে যোগাযোগ করলে কার্যালয়টি ভূয়া এবং তাৎক্ষণিকভাবে নির্বাহী প্রকৌশলী, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে চিঠি দিয়ে অবগত করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত ৬ নভেম্বর মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি নর্থিভুক্ত করা হয়। এরপরও চক্রটি অবৈধভাবে মাটি উত্তলনের কাজ চালিয়ে যাচ্ছে।

থানায় দেয়া লিখিত অভিযোগে ভুক্তভোগী জমির মালিক মনছুর আহমেদ কালাম আরো অভিযোগ করেন, প্রতিদিন মধ্যরাত থেকে ভোর পর্যন্ত এলাকার মাটি চুরির মহোৎসব চলছে। স্থানীয় জনগণ, বিশ্বস্ত সূত্র ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত সংবাদে অবগত হই, মিরকাদিম পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেকের নেতৃত্বে দলীয় কর্মী মুরাদ, আজাদ সুলতান, কালুসহ আব্দুল মালেকের ভাতিজা মো: রব্বানী প্রতি রাতে ২৫ থেকে ২৫ জন শ্রমিক নিয়ে ২০ থেকে ২৫ ট্রলার মাটি চুরি করে বিভিন্ন ইট ভাটায় বিক্রি করছে। প্রতি ট্রলার মাটি ২০ হাজার টাকা হিসাবে গড়ে প্রতি রাতে প্রায় ৫ লাখ টাকার মাটি চুরি করে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে। চক্রটির নেতৃত্ব থাকা লোকজন প্রভাবশালী হওয়ায় সাধারণ মানুষ প্রতিবাদ করার সাহস পায় না। অভিযোগে আশঙ্কার কথা উল্লেখ করে আরো বলা হয়, জমিতে পল্লী বিদ্যুতের হাইভোল্টেজ ৩৩ কেভির পাঁচটি বৈদ্যুতিক খুঁটির চার পাশ থেকে চার-পাঁচ ফুট গভীরতায় মাটি কেটে নেয়ায় খুঁটিগুলো রয়েছে ভয়াবহ ঝুঁকিতে। এ নিয়ে সাধারণ নাগরিকরা উৎকণ্ঠায় থাকলেও প্রশাসন কেন নীরব ভূমিকায় রয়েছে তা বোধগম্য নয় বলে উল্লেখ করা হয়।

গতকাল শুক্রবার সন্ধ্যার আগে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মমিনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি নয়া দিগন্তকে বলেন, আমার কাছে এ ধরনের কাগজ আসেনি। কাগজ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারতাম। এর আগে এমন অভিযোগ নিয়ে স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনে এই ঘটনার সাথে মীরকাদিম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের নাম উঠে আসে। ‘তবে অভিযোগের বিষয়ে স্থানীয় সাংবাদিকদের কাছে মাটি চুরির সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক উল্টো বলছেন, যারা মাটি কাটার সাথে জড়িত তাদের আমি শাস্তি দাবি করছি।’ এ প্রসঙ্গে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার স্থানীয় সাংবাদিকদের কাছে দেয়া বক্তব্য বলেছেন, “ইতিমধ্যে মাটি কাটার বিষয়টি আমরা জেনেছি। শুধু এখন নয়, দীর্ঘদিন ধরেই মাটি কাটা হচ্ছে। আমি এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পাঠাব। তারা যে নির্দেশনা দেবেন, সেটি বাস্তবায়ন করা হবে।”

নয়া দিগন্ত

Leave a Reply