তীব্র শীতে মিরকাদিমের বেঁদেপল্লীতে গরম কাপড়ের জন্য অপেক্ষা

আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নেইরে বাপু, দু-পয়সা দিয়ে কেউ সহযোগিতা করেনা, তীব্র শীতে ছোট একটি ডিঙ্গি নৌকায়, দুই সন্তান ও স্বামীকে নিয়ে আমাদের জীবনযাপন, কেউ একটু গরম কাপড় নিয়ে আসবে, এই অপেক্ষায় সারাদিন তীর্থের কাকের মতো তাকিয়ে থাকি। দু-চোখ ভরা আক্ষেপ নিয়ে এভাবেই কথাগুলো বলছিলেন, মুন্সিগঞ্জের মিরকাদিমের ভাসমান বেঁদে পল্লীর বাসিন্দা লাইজু বেগম।

তিনি বলেন, সীমাহীন দারিদ্রতায়, পেটের ক্ষুধা আর চোখের লজ্জা উপেক্ষা করে যুগ যুগ ধরে, সংগ্রাম করে যাচ্ছি জীবনযুদ্ধে টিকে থাকার জন্য।

এভাবেই মানবেতর জীবন কাটছে বেঁদে পল্লীটির অন্তত শতাধিক পরিবারের। তবে হতদরিদ্র এসব মানুষের দুরবস্থার কথা বিবেচনা করে, দ্রুত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন।

ভাসমান বেঁদেপল্লীতে তীব্র শীতে জুবুথুবু পরিস্থিতির ছবিটি সোমবার সকালে তোলা হয়েছে। ছবি: চ্যানেল 24।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে সরজমিনে বেঁদে পল্লীতে ঘুরে দেখা গেছে, পৌষের কনকনে শীতে মানবেতর জীবন যাপন করছেন ডিঙ্গি নৌকায় ভাসমান মানুষ।

মাত্র ৭-ফুট আকারের ছোট্ট একটি ডিঙ্গি নৌকায় পরিবারের চার থেকে পাঁচজন সদস্য নিয়ে বসবাস করছেন অনেকে। বেঁদে পল্লীর ভাসমান এসব মানুষের সাথে কথা হলে তারা জানান, তীব্র শীতে জুবুথুবু অবস্থায় কর্মহীন হয়ে পড়ায়, অর্ধহারে অনাহারে দিন কাটছে অনেক পরিবারের। এর কারণ হিসেবে তারা উল্লেখ করেন, ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে জীবিকার তাগিদে ও কর্মের খোঁজে ছুটে চলা। এতে কর্মহীন হয়ে পড়েছেন অনেকে বিশেষ করে, নদীতে মাছ ধরে যারা জীবিকা নির্বাহ করেন সেসব মানুষ পড়েছেন সবচেয়ে বেশি বিপাকে।

রোববার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৮০ শতাংশ। সেইসঙ্গে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে এ জনপদ। ঘন কুয়াশা আর হিম বাতাস থাকায় খুব একটা প্রয়োজন ছাড়া তেমন কেউ বাড়ি থেকে বের হচ্ছেন না। গত কয়েকদিনে এ জেলায় ১২ থেকে ২৩ ডিগ্রির ঘরে তাপমাত্রা উঠানামা করছে।

সরেজমিনে আরও দেখা যায়, কাকডাকা ভোরে চারিদিকে কুয়াশা আচ্ছন্ন সকালে ছোট শিশু সন্তানদের নিয়ে ডিঙ্গি নৌকায় বসে আছেন নারীরা। জীবিকা তাগিদে কেউ বেরিয়ে যাচ্ছেন কাজে, কনকনে শীতে গরম কাপড়ের অভাবে কাঁপুনি দিচ্ছে অনেকের গায়ে।

কাঁপা কাঁপা কণ্ঠে বেঁদেপল্লীর বাসিন্দা বিউটি বেগম বলেন, আমরা দিন এনে দিনে খেয়ে বেঁচে থাকা মানুষ, অসহায়ত্ব ও দারিদ্রতা আমাদের রোজকার জীবনসঙ্গী। আমরা দেশের নাগরিক ও ভোটার হওয়া সত্ত্বেও দিনের পর দিন সমাজের অনেক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। আর্থিক অভাব অনটনে থাকায়, তীব্র শীতে গরম কাপড়ের অভাবে প্রচণ্ড ঠাণ্ডায়, সর্দি, কাশি জ্বরসহ শীতকালীন নানান রোগে আক্রান্ত হচ্ছি আমি সহ আমার পরিবারের সদস্যরা। এমন পরিস্থিতিতে সরকারি সহযোগিতার জন্য প্রার্থনা জানাচ্ছি।

প্রায় একই অবস্থা ভাসমান বেঁদেপল্লীর আরেক বাসিন্দা মরনি ও আছমা বেগমের, তারা বলেন, তীব্র শীতে গরম কাপড় ও কম্বলের অভাবে বহু কষ্টে মানবেতর জীবনযাপন করছি আমরা। ফলে আমাদের দুরবস্থার কথা বিবেচনা করে যত দ্রুত সম্ভব, আমাদেরকে সহযোগিতার জন্য সরকার ও স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।

বেদেপল্লীর আরও দুই বাসিন্দা শাকিল মোহাম্মদ ও রফিক বলেন, গত সপ্তাহে কিছুদিন শীত কম ছিল। কিন্তু কয়েকদিন ধরে প্রচণ্ড ঠাণ্ডা পড়ছে, সঙ্গে শীতল বাতাস বইছে। জীবিকা তাগিদে বের হওয়া যাচ্ছে না। তারপরও কিস্তির টাকা ঋণের চাপ ও স্ত্রী সন্তানদের কথা বিবেচনা করে পেটের তাগিদে কাজে বের হতে গিয়ে সর্দি-কাশি লেগেই থাকছে পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে। বেঁদেপল্লীর গরীব মানুষ তো দিনে আনা দিনে খাওয়া মানুষ। কাজ না থাকায় কর্মহীন হয়ে পড়েছি। আমাদের মত অসহায় বেঁদেপল্লীর মানুষদের দ্রুত কম্বল ও শীতের গরম কাপড় দিয়ে সহযোগিতা করা না হলে তীব্র শীতে দুর্বিষহ ভোগান্তি ও মানবেতর জীবন কাটাতে হবে এখানকার প্রায় ৯২ টি ভাসমান পরিবারের।

এদিকে আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্ট ওয়েবসাইট সূত্রে মুন্সিগঞ্জ জেলা সম্পর্কে জানা গেছে, রাতের বেলায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা বেশি থাকায় তীব্র শীত অনুভূত হচ্ছে। এমন পরিস্থিতি আরও বেশ কিছুদিন অব্যাহত থাকবে বলে সেখানে উল্লেখ করা হয়েছে।

বেঁদেপল্লীতে মানবেতর জীবন যাপন করা হতদরিদ্র অসহায় পরিবার গুলোর কথা বিবেচনা করে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন মুন্সিগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান।

তিনি বলেন, গতকাল শনিবার মধ্যরাতে মিরকাদিম বেদে পল্লীর প্রায় দেড় শতাধিক মানুষকে কম্বল দেয়া হয়েছে। তবে বেঁদেপল্লীর শিশু ও নারীদের জন্য সাময়িকভাবে তাৎক্ষণিক গরম কাপড় দেয়ার মত উদ্যোগ নেয়া সম্ভব হয়নি। যত দ্রুত সম্ভব বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।

চ্যানেল 24

Leave a Reply