মুন্সীগঞ্জে শীর্ষ সন্ত্রাসীর বাসা থেকে কার্তুজ উদ্ধার

মুন্সীগঞ্জের চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী গ্রুপের সদস্য ইলিয়াস ভূঁইয়ার বাড়ি থেকে ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টা ৫০ মিনিট নাগাদ সদর উপজেলার আধারা ইউনিয়নের সোলারচর দক্ষিণ পাড়া এলাকায় মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্পের সদস্যরা এসব কার্তুজ উদ্ধার করেন।

ইলিয়াস ভূঁইয়ার নামে মুন্সীগঞ্জ সদর থানায় বিস্ফোরক ও অস্ত্র আইনে মোট ৮টি মামলা রয়েছে।

মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্প এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অপরাধমূলক কার্যক্রম রোধ ও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সেনাবাহিনী বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্প ১৩ জানুয়ারি রাত ১০টা ৫০ মিনিট নাগাদ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের সোলারচর দক্ষিণপাড়া এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে। সহিংসতা ও নাশকতাকারী কর্মকাণ্ডে জড়িত চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ইলিয়াস ভূঁইয়ার বসতবাড়িতে যৌথ বাহিনীর অভিযানে ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ইলিয়াস ভূঁইয়া পালিয়ে যায়।

উদ্ধারকৃত কার্তুজ মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্পের অপারেশন অফিসার আরও জানান, বাংলাদেশ সেনাবাহিনী মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বদ্ধপরিকর। এছাড়াও সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি এবং অবৈধ মাদকদ্রব্যের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে। জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করার জন্য আহ্বান জানানো হয়েছে।

অবজারভার

Leave a Reply