মুন্সীগঞ্জে বিএনপির ২ বিদ্রোহী প্রার্থী বহিস্কার

দলীয় সিদ্ধান্ত না মানায় মুন্সীগঞ্জের দুটি আসনে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীকে নিজ নিজ পদ থেকে বহিস্কার করা হয়েছে। পাশাপাশি দলের প্রাথমিক সদস্য পদ থেকেও তাদের বহিস্কার করা হয়েছে।

বুধবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক পত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

তারা হলেন- মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর ও সিরাজদিখান) আসনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মমিন আলী ও মুন্সীগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) আসনে জেলা বিএনপির সদস্য সচিব ও সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন।

এই দুই বিএনপি নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ায় স্বস্তি ফিরে এসেছে নির্বাচনী আসন দুটির দলীয় নেতাকর্মীদের মধ্যে।

মো. মমিন আলী (বায়ে) ও মো. মহিউদ্দিন (ডানে)।

দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জ-৩ আসনে জেলা বিএনপির বহিষ্কৃত সদস্য সচিব মো. মহিউদ্দিন নির্বাচন ঘিরে নেতাকর্মী ও ভোটারদের মাঝে অপব্যাখা দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করে আসছিলেন বলে নেতাকর্মীরা অভিযোগ।

মো. মহিউদ্দিনকে বহিস্কারের ফলে নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে আসার পাশাপাশি বিভ্রান্তি সৃষ্টি করারও অবসান ঘটলো।

জানা যায়, মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় মমিন আলীকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে বহিস্কার করা হয়েছে। একইসঙ্গে মুন্সীগঞ্জ-৩ আসনে দলীয় প্রার্থীর বিপরীতে ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় মো. মহিউদ্দিনকে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব পদ থেকে বহিস্কার করা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক সিদ্ধান্ত বাস্তবায়নের স্বার্থে এই বহিস্কার কার্যকর করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

এদিকে, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ মো. আব্দুল্লাহ ও মুন্সীগঞ্জ-৩ আসনে দলের প্রার্থী হিসেবে রয়েছেন কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন।

অবজারভার

 

Leave a Reply