মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় নির্মাণাধীন একটি মার্কেট দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আলমগীর হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও আটজন আহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে উপজেলার বালাসুর এলাকায় এ ঘটনা ঘটে, যা পুরো এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বালাসুর বাজার এলাকায় নির্মাণাধীন আটতলা একটি ভবনের মার্কেট দখলের চেষ্টা চালায় প্রতিপক্ষের একটি দল। অভিযোগ রয়েছে, হান্নান হাজী নামে এক ব্যক্তির নেতৃত্বে দেশীয় অস্ত্রসহ একদল লোক ভোর সাড়ে ৫টার দিকে ভবনের পাইলিংয়ের ওপর উঠে দখল নিতে গেলে আলমগীর হোসেন বাধা দেন।
এ সময় তাকে মারধর করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। বাধা দিতে গেলে আরও কয়েকজন আহত হন।

আলমগীরকে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে হাসপাতাল গেটের সামনে আবারও তার ওপর হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, তাকে পুনরায় কুপিয়ে গুরুতর জখম করে।
পরে চিকিৎসকরা তাকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠান। তবে সকাল ৯টার দিকে চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত আলমগীর বালাসুর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি তার ভাই তমিজউদ্দীনের সঙ্গে যৌথভাবে ওই এলাকায় একটি মার্কেট নির্মাণ কাজ শুরু করেছিলেন।
পরিবারের অভিযোগ, প্রতিপক্ষ জমির মালিকানা দাবি করে আদালতে মামলা করলেও সেখানে ব্যর্থ হয়। এরপর তারা বাহিনী নিয়ে একাধিকবার জায়গাটি দখলের চেষ্টা চালিয়ে আসছিল।
আলমগীরের মৃত্যুর খবর দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ও স্বজনরা হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাকা-শ্রীনগর-দোহার সড়ক অবরোধ করেন। তারা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
সকাল সাড়ে ৯টার দিকে বালাসুর পয়েন্টে অবরোধ শুরু হলে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যবস্থা নেয়।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
টাইমস

Leave a Reply