ময়নাতদন্তের জন্য দাফনের ৮৩ দিন পর মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শ্রমিক সজল মোল্লার লাশ কবর থেকে তোলা হয়েছে। মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, আদালতের নির্দেশে সোমবার দুপুরে মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর কবরস্থান থেকে মরদেহ তুলে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ সময় মরদেহ উত্তোলনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ উপস্থিত ছিলেন।
গত ৩ অক্টোবর মুন্সীগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একটি আদেশের পরিপ্রেক্ষিতে সোমবার সজলের মরদেহ উত্তোলনের জন্য তারিখ নির্ধারণ করা হয়।

মুন্সীগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে নিহত হন সজল। ময়নাতদন্ত ছাড়া তাকে দাফন করা হয়েছিল। সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে আদালতের নির্দেশে আজ মরদেহ উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আজকের মধ্যেই ময়নাতদন্তের পর তাকে দাফন করা হবে।
নিহত সজল মোল্লা মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকার আলী আকবরের ছেলে। তিনি রঙমিস্ত্রির কাজ করতেন বলে জানা গেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট মুন্সীগঞ্জের সুপার মার্কেট এলাকায় ছাত্রদের সঙ্গে আন্দোলনে গিয়ে হামলার শিকার হয়ে মারা যান তিনি। সেদিন রাতেই তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
এ ঘটনায় গত ২০ সেপ্টেম্বর ৪৫১ জনকে আসামি করে মুন্সীগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই সাইফুল ইসলাম।
মানবকন্ঠ

Leave a Reply