বিএনপির তিন আসন পুনরুদ্ধার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার মধ্য দিয়ে ১৭ বছর পর মুন্সীগঞ্জের তিনটি সংসদীয় আসন পুনরুদ্ধার করেছে বিএনপি। তিনটি আসনে বিজয়ী হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ মো. আব্দুল্লাহ। ২০০৮ সালের নির্বাচনে জেলার তিনটি আসনেই বিএনপি প্রার্থীদের পরাজিত করেন আওয়ামী লীগের প্রার্থীরা।

১২ ফেব্রুয়ারি মধ্যরাতে বেসরকারিভাবে ফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফী। এতে মুন্সীগঞ্জ-২ আসনে আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনে কামরুজ্জামান রতন এবং মুন্সীগঞ্জ-১ আসনে সিরাজদীখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ জয়লাভ করেন।

জানা গেছে, মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন দলটির সাবেক মহাসচিব ও প্রয়াত রাষ্ট্রপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী। উপনির্বাচনে সংসদ সদস্য হয়েছিলেন তাঁর ছেলে মাহি বি চৌধুরী। তিনি দল ছাড়ার পর আসনটি হারিয়ে ফেলে বিএনপি। দখলে রাখতে পারেনি বিকল্পধারাও। ২০০৮ সালের নির্বাচনে সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী (কুলা প্রতীক) ও সাবেক উপপ্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেনকে (ধানের শীষ) পরাজিত করে নৌকা প্রতীক নিয়ে সুকুমার রঞ্জন ঘোষ প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ সালের নির্বাচনেও তিনি সংসদ সদস্য হন। ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী। ২০২৪ সালের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন আহমেদ। দীর্ঘ ১৭ বছর পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে আসনটি পুনরুদ্ধার করে বিএনপি।

মুন্সীগঞ্জ-২ আসনে ১৯৯৬ সালে সপ্তম ও ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে যথাক্রমে আওয়ামী লীগের প্রার্থী নূরুল ইসলাম খান বাদল ও সাগুফতা ইয়াসমিন এমিলিকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির মিজানুর রহমান সিনহা। ২০০১ সালের নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান এবং ২০০৬ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাগুফতা ইয়াসমিন এমিলির কাছে তিনি পরাজিত হলে আসনটি বিএনপির হাতছাড়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদের বিজয়ের মধ্য দিয়ে দীর্ঘ ১৭ বছর পর আসনটি পুনরুদ্ধার করল বিএনপি।

মুন্সীগঞ্জ-৩ আসনে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে পরপর বিএনপি প্রার্থী আব্দুল হাই ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনে বিএনপি প্রার্থী এম শামসুল ইসলামকে পরাজিত করে সংসদ সদস্য হন আওয়ামী লীগের নতুন মুখ এম ইদ্রিস আলী। এতে মুন্সীগঞ্জ-৩ আসন বিএনপির হাতছাড়া হয়ে যায়। দীর্ঘ ১৭ বছর পর আসনটি পুনরুদ্ধার করেছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখানে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী কামরুজ্জামান রতন।

সমকাল

Leave a Reply