মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে নিজ বসতঘর থেকে ইভা বেগম (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার উপজেলার সোনারং ইউনিয়নের নেত্রাবতী এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত ইভা বেগম নেত্রাবতী একই এলাকার আব্দুর রহমান সর্দারের মেয়ে এবং নুর হোসেন মল্লিকের স্ত্রী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে ইভার ছেলে আরাফ (৬)-এর কান্নার শব্দ শুনে বড় জা রোখসানা বেগম তাদের ঘরে যান। সেখানে গিয়ে তিনি দেখেন, ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছে ইভার মরদেহ। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে একই দৃশ্য দেখতে পান।
স্বামী নুর হোসেন মল্লিক দাবি করেন, গত প্রায় ১৫ দিন ধরে তার স্ত্রীর ‘জিনে আছর’ ছিল বলে তিনি ধারণা করতেন। ইভা মাঝেমধ্যে নিজে নিজে মৃত্যুর কথা বলতেন। তবে এ বিষয়ে কোনো চিকিৎসা নেওয়া হয়েছিল কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম ঘটনাস্থলে এসে মরদেহ নামিয়ে টংগিবাড়ী থানায় সংবাদ দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্তাধীন রয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন

Leave a Reply