গজারিয়া গরু বলে ঘোড়ার মাংস বিক্রি, জবাই করা ১২ ঘোড়া উদ্ধার

একটি চক্র বিভিন্ন স্থান থেকে অসুস্থ ঘোড়া কম দামে কিনে এনে সেগুলো জবাই করে গরুর মাংস বলে বিভিন্ন হোটেলে বিক্রি করত বলে ভাষ্য স্থানীয়দের। মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার পরিত্যক্ত একটি বাড়ি থেকে জবাই করা ১২টি ও একটি জীবিত ঘোড়া উদ্ধার করে করেছে পুলিশ। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

স্থানীয়দের ভাষ্য, একটি চক্র বিভিন্ন স্থান থেকে অসুস্থ ঘোড়া কম দামে কিনে এনে সেগুলো জবাই করে গরুর মাংস বলে বিভিন্ন হোটেলে বিক্রি করত।

বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে উপজেলার ভবেরচরের আনারপুর থেকে এসব জব্দ করা হয় বলে জানান গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বসুন্ধরা টিস্যু পেপার মিলের বিপরীত পাশে পরিত্যক্ত একটি বাড়িটিতে দীর্ঘদিন ধরে একটি চক্র গোপনে নিষিদ্ধ কার্যক্রম চালিয়ে আসছিল। এলাকাবাসীর সন্দেহ হলে ঘটনাস্থলে গিয়ে জবাই করা ঘোড়া দেখতে পায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই চক্রের সদস্যরা পালিয়ে যান। তবে ঘটনাস্থল থেকে চক্রটির ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ইউএনও মাহমুদুল হাসান বলেন, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী ঘোড়া জবাইয়ের কোনও সুযোগ নেই। তবে চক্রটিকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

তিনি বলেন, জব্দ করা ঘোড়ার মাংস প্রাণিসম্পদ কার্যালয়ের প্রতিনিধি ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে মাটিতে পুঁতে ফেলা হবে। আর অসুস্থ ঘোড়াটি প্রাণিসম্পদ বিভাগ চিকিৎসা দিচ্ছে।

বিডিনিউজ

Leave a Reply