মুন্সিগঞ্জের গজারিয়ায় রুগ্ণ ও বয়স্ক ঘোড়া জবাই করে গরুর মাংস হিসেবে বিক্রির উদ্দেশ্যে প্রস্তুতের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গাজীপুরের টঙ্গী পূর্ব ও বাসন থানা এলাকায় অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গতকাল শুক্রবার (১০ এপ্রিল) সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য জানান।
গ্রেফতাররা হলেন—রুবেল (৩৯), সৌরভ (২১), সোহেল গাজী (২১) ও ইয়াছিন আরাফাত (২১)।
পুলিশ জানায়, গত ৮ এপ্রিল গজারিয়া থানার আনারপুরা এলাকায় কিছু ব্যক্তি অসুস্থ ও বয়স্ক ঘোড়া জবাই করার খবর পেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে জবাই করা ঘোড়ার মাংস জব্দ করে তা প্রাণিসম্পদ কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা আল-আমিন শিকদারের আবেদনের ভিত্তিতে গজারিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়।

পরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও গজারিয়া থানা পুলিশের সমন্বয়ে একটি দল অভিযানে গাজীপুরের টঙ্গী পূর্ব ও বাসন থানা এলাকা থেকে তাদের ৪ জনকে গ্রেফতার করে।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা, বিশেষ করে যমুনার চরাঞ্চল থেকে রুগ্ণ ও বয়স্ক ঘোড়া সংগ্রহ করে জবাই করে মাংস প্রক্রিয়াজাত করার কথা স্বীকার করেছে। পরে এসব মাংস ঢাকায় এনে সহযোগীদের মাধ্যমে গরুর মাংস হিসেবে বিক্রি করা হতো।
এছাড়াও এ ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় পুলিশ।
যমুনা টেলিভিশন

Leave a Reply