মুন্সিগঞ্জে ১৩৯ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

মুন্সিগঞ্জে প্রায় ১৩৯ কোটি ২৯ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ করেছে কোস্ট গার্ড নারায়ণগঞ্জের পাগলা স্টেশন। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ৭টায় কোস্ট গার্ড নারায়ণগঞ্জের পাগলা স্টেশন কর্তৃক মুন্সিগঞ্জ জেলার সদর থানাধীন পঞ্চসারের দুর্গাবাড়ি ও সিপাহিপাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকার তিনটি জাল তৈরির কারখানা ও দুটি গোডাউন তল্লাশি করে প্রায় ১৩৯ কোটি ২৯ লাখ টাকা মূল্যের ৩ কোটি ৯৭ লাখ ৪৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং ৩০ হাজার পিস জাল তৈরির কাজে ব্যবহৃত সুতার রিল জব্দ করা হয়। জব্দকৃত নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল মুন্সিগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়।

তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

অবজারভার

Leave a Reply