মুন্সীগঞ্জে লঞ্চে মুমূর্ষু শিশুকে কোস্ট গার্ডের জরুরি চিকিৎসা সহায়তা

মুন্সীগঞ্জে যাত্রীবাহী লঞ্চে মুমূর্ষু এক শিশুকে জরুরি চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। দ্রুত পদক্ষেপের ফলে শিশুটির জীবন রক্ষা সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সোমবার দুপুরে ভোলা থেকে ঢাকাগামী এমভি কর্ণফুলি-৩ লঞ্চে ৬ মাস বয়সী অসুস্থ শিশুটিকে এ চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য তার মা লঞ্চযোগে ঢাকায় নিয়ে আসছিলেন। পথে দুপুর ১টার দিকে মোহনপুর সংলগ্ন এলাকায় পৌঁছালে অক্সিজেনের অভাবে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং জীবনসংকট দেখা দেয়।

এ সময় শিশুটির দাদা কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি মেডিক্যাল টিম অক্সিজেন সিলিন্ডারসহ দ্রুতগতির বোটে ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়।

পরবর্তীতে শিশুটিকে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য কোস্ট গার্ডের বোটে করে সদরঘাটে আনা হয় এবং সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার শ্যামলীর মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়।

বিডি প্রতিদিন

Leave a Reply