মুন্সীগঞ্জে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগে এক রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর গোসাইবাগ এলাকার বাসিন্দা রিনা বেগম (৪৫) শ্বাসকষ্টজনিত সমস্যায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে যান। অভিযোগ রয়েছে, সেখানে কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স হাবিবুর রহমানের তত্ত্বাবধানে তাকে একটি ব্যথানাশক ইনজেকশন দেওয়া হয়।

ইনজেকশন দেওয়ার পরপরই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান বলে অভিযোগ স্বজনদের।

রোগীর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে সন্ধ্যায় স্বজন ও স্থানীয়রা হাসপাতালে এসে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আহাম্মদ কবির বলেন, ‘রোগীর মৃত্যুর বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। যদি কারও গাফিলতি প্রমাণিত হয়, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ নিহত রিনা বেগম স্থানীয় ব্যবসায়ী মো. বাবুলের স্ত্রী।

দেশ রুপান্তর

Leave a Reply