আসন্ন ঈদুল আজহা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন। বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
সভায় জানানো হয়, মুন্সীগঞ্জে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। পাশাপাশি কালেক্টরেট জামে মসজিদে নারীদের জন্য পৃথক ঈদের জামাতের ব্যবস্থা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পশুর হাটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। বিশেষ করে হাটে জালনোট শনাক্তকরণে বিশেষ মেশিন স্থাপন এবং ব্যবসায়ীদের লেনদেন নিরাপদ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি জোরদার করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

ঈদের পর দ্রুততম সময়ের মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করে জেলাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ঈদগাহগুলোতে মুসল্লিদের সুবিধার্থে সুপেয় পানির ব্যবস্থা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যসেবা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করার সিদ্ধান্ত হয়।
জেলা প্রশাসক যথাযথ সমন্বয়ের মাধ্যমে প্রতিটি ঈদগাহে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ বিষয়ে পুলিশ প্রশাসন ও অন্যান্য সংস্থাকে সম্মিলিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম এবং পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন। এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারাও সভায় অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/

Leave a Reply