আউটশাহী ট্রাকের চাপায় কিশোর নিহত,ঘাতক চালক আটক

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের বলই এলাকায় আলুভর্তি একটি ট্রাকের চাপায় সিয়াম হাওলাদার (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। রোববার (৩১ মে) সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটে বলই-আড়িয়ল পাকা সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম হাওলাদার বলই গ্রামের মৃত অলি হাওলাদারের ছেলে। তার মায়ের নাম রৌশনারা বেগম।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় নিজ বাড়ির পাশের সড়কের ধারে দাঁড়িয়ে ছিল সিয়াম। এ সময় আড়িয়ল এলাকা থেকে বলইয়ের দিকে আসা আলুভর্তি একটি ট্রাক তাকে চাপা দেয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ট্রাকটি দ্রুত ও বেপরোয়া গতিতে চলছিল। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সিয়াম গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘাতক ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ট-২২-৫৬৭৭। ট্রাকটির চালক মো. রমজান (২৯) টংগিবাড়ী উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের কদ্দুস বেপারীর ছেলে। তিনি বর্তমানে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার ধর্মপুর এলাকায় বসবাস করেন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি আটকে দেয় এবং চালককে আটক করে। খবর পেয়ে টংগিবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং দুর্ঘটনাকবলিত ট্রাকটির চালক ও ট্রাক জব্দ করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এদিকে কিশোর সিয়ামের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

অগ্রযাত্রা প্রতিদিন

Leave a Reply