গজারিয়া শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণধোলাই

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মঞ্জুকে (৩৩) গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।

সোমবার সকাল দশটায় এ ঘটনা ঘটে।​ মঞ্জু স্থানীয় একটি রেস্টুরেন্টে কর্মরত ছিলেন বলে জানা গেছে। তার বাবার নাম দেলোয়ার হোসেন। তার পৈতৃক বাড়ি গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের করিমখাঁ গ্রামে। তবে সে পরিবার নিয়ে নারায়ণগঞ্জে বসবাস করছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ১০টার দিকে ভবেরচর ইউনিয়নে ধর্ষণের চেষ্টা করলে শিশুটির মা বিষয়টি দেখে ফেলে চিৎকার করে। এ সময় আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত আটক করে গণধোলাই দেয় এবং পরে পুলিশে সোপর্দ করে।

​তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মঞ্জু দাবি করেন, তিনি হাঁটতে বের হয়েছিলেন। শিশুটিকে একা পেয়ে নাম জিজ্ঞেস করতেই স্থানীয়রা তাকে মারধর শুরু করে।

গজারিয়া থানার উপ-পরিদর্শক মো. ফিরোজ মিয়া বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং স্থানীয়দের হেফাজতে থাকা অভিযুক্তকে উদ্ধার করি। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিডি-প্রতিদিন

Leave a Reply