জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় মুন্সীগঞ্জে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুরে জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ এবং বন বিভাগের যৌথ আয়োজনে মুন্সীগঞ্জ জেলা কালেক্টরেট মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী এবং পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা বলেন, বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে প্রত্যেক নাগরিককে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী অন্তত একটি করে গাছ রোপণ এবং তার সঠিক পরিচর্যা নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এ ছাড়া স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে অতিথিরা কালেক্টরেট মাঠ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এর মধ্য দিয়ে জেলাব্যাপী বৃক্ষরোপণ অভিযানের আনুষ্ঠানিক সূচনা হয়।
মো. শফিকুল ইসলাম/সদ্য সংবাদ

Leave a Reply