মুন্সীগঞ্জে বাসায় ঢুকে কাপড় ব্যবসায়ীর স্ত্রী ও মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় মামলা হয়েছে। রবিবার (১৪ জুন) দিবাগত রাতে মামলাটি দায়ের করা হয়। এতে হামলার সঙ্গে জড়িত শান্তসহ তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
এর আগে সকালে শহরের উত্তর কোটগাঁও এলাকায় কাপড় ব্যবসায়ী জনি ইসলামের বাড়িতে হামলা করেন আসামিরা।পরিবারের অভিযোগ, একই এলাকার শান্ত খন্দকার(২৩) ঘরে ঢুকে জনি ইসলামের স্ত্রী রিতা মনি ইসলামকে(৩০) গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। একপর্যায়ে তাদের মেয়ে স্কুলশিক্ষার্থী জান্নাতুল ইসলাম হৃদিকে(১১) পেটে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করেন।

মামলার বাদী ও আহত রিতা মনির স্বামী জনি ইসলাম (৪০) অভিযোগ করেন, ঘটনার সময় পরিবারের সদস্যরা বাসায় ঘুমিয়ে ছিলেন। এ সময় অভিযুক্ত শান্ত খন্দকার (২৬), কলসুম বেগম (৪৮), ফাহিমা আক্তার (২৮) ও অজ্ঞাতনামা আরও কয়েকজন তাদের বাড়িতে প্রবেশ করেন। তার দাবি, শান্ত ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রীর গলায় আঘাত করেন। মায়ের চিৎকার শুনে ঘুম থেকে জেগে ওঠার পর মেয়ে জান্নাতুল ইসলাম হৃদিকে পেটে আঘাত করা হয়। স্ত্রী ও সন্তানকে রক্ষা করতে গেলে তিনিও আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
মামলায় আরও অভিযোগ করা হয়েছে, হামলার সময় বাড়ির আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং নগদ অর্থ লুট করে নিয়ে যায় আসামিরা। পরে স্থানীয়রা শান্তকে আটকে করে পুলিশের হাতে সোপর্দ করে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত প্রধান অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
বিডি প্রতিদিন

Leave a Reply