টঙ্গীবাড়ি ইমামের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পূর্ব বালিগাঁও এলাকায় একটি ভাড়া বাসা থেকে আসমা আক্তার (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই নারী পূর্ব বালিগাঁও জামে মসজিদের ইমাম মুহসিন উদ্দিনের স্ত্রী।

সোমবার (৬ জুলাই) রাত ৮টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে নিহতের স্বামী তাদের চার বছরের কন্যাসন্তানকে নিয়ে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়। নিহতের স্বামী মাওলানা মুহসিন উদ্দিন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাহারা গ্রামের ওমর আলী মাতুব্বরের ছেলে। তিনি গত ছয় মাস ধরে পূর্ব বালিগাঁও জামে মসজিদে ইমাম হিসেবে কর্মরত আছেন। স্ত্রী আসমা আক্তার এলাকায় বিভিন্ন বাড়িতে গিয়ে শিশুদের আরবি পড়াতেন। প্রায় চার মাস ধরে তারা চার বছরের কন্যাসন্তানসহ ওই ভাড়া বাসায় বসবাস করছিলেন।

বাড়ির মালিক বীর মুক্তিযোদ্ধা মো. নুর ইসলাম জানান, সোমবার বিকেল ৪টার দিকে মাওলানা মুহসিন তাকে ফোন করে স্ত্রীর খোঁজ নিতে বলেন। মুহসিন তাকে জানান, তিনি মেয়েকে নিয়ে বাইরে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে স্ত্রীকে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ওড়না কেটে তাকে নিচে নামিয়ে পানি দিলেও কোনো সাড়া না পেয়ে ভয় পেয়ে মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যান বলে ফোনে জানান।

স্থানীয় বাসিন্দা কোরবান আলী বলেন, খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম আহম্মেদ বলেন, ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। নিহতের স্বামী ঘটনাস্থলে না থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বিডি প্রতিদিন

Leave a Reply