সেভেনআপের বোতলে ভরে আনা হচ্ছিল ৪ হাজার ইয়াবা

মুন্সীগঞ্জের গজারিয়ায় সেভেনআপের খালি প্লাস্টিকের বোতলের ভেতরে লুকিয়ে কক্সবাজার থেকে আনা ৩ হাজার ৮০০ পিস ইয়াবা সরবরাহের সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (১০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গজারিয়া উপজেলার ভাটেরচর এলাকার নতুন রাস্তার মোড়ের উত্তর পাশে সজীব টেলিকমের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার কেকেপাড়া ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলাম ওরফে সোহাগ (৩৮) এবং বরিশাল জেলার মুলাদী উপজেলার সফিপুর এলাকার বাসিন্দা মিন্টু মিয়া (২৩)।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি ইশতিয়াক আশফাক রাসেল এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের (পিপিএম) সার্বিক দিকনির্দেশনায় জেলার মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এসআই (নিরস্ত্র) কামরুল হাসান (পিপিএম) সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় নুরুল ইসলাম ওরফে সোহাগের দেহ তল্লাশি করে তার পরনের প্যান্টের সামনের অংশে গুঁজে রাখা কালো স্কচটেপে মোড়ানো ২৫০ মিলিলিটারের দুটি খালি সেভেনআপের প্লাস্টিকের বোতল উদ্ধার করা হয়। পরে বোতল দুটি খুলে প্রতিটিতে ১ হাজার ৯০০ পিস করে মোট ৩ হাজার ৮০০ পিস ইয়াবা পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নুরুল ইসলাম কক্সবাজার থেকে ইয়াবাগুলো এনে মিন্টু মিয়ার কাছে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন। ইয়াবা হস্তান্তরের সময়ই ডিবি পুলিশের অভিযানে দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

স্টার নিউজ

Leave a Reply