মুন্সিগঞ্জ সদর উপজেলার মালিরপাথর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ৮৪ হাজার টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মালিরপাথর এলাকায় অভিযান চালিয়ে বাবুল মিয়া (৫৪) নামে এক ব্যক্তিকে তার বসতবাড়ির সামনের গলি থেকে ৭০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুল মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল একই এলাকার নবীর হোসেনের টিনশেড ঘরে অভিযান চালায়। এ সময় একটি লাল প্লাস্টিকের বালতির ভেতরে নীল পলিথিনে মোড়ানো ১ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ৮৪ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে নবীর হোসেনকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশরাফ রাসেল বলেন, মাদকবিরোধী অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ১ লাখ ৮৪ হাজার টাকা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সময়ের কন্ঠস্বর

Leave a Reply