মুন্সিগঞ্জে নিখোঁজের পর নদী থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জ সদর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর নাহিদ সুলতানা (৬৭) নামে এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকার মরদেহ মেঘনা নদী থেকে উদ্ধার করেছে নৌপুলিশ।

রোববার (১৯ জুলাই) দুপুর ১টার দিকে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের চরমসুরা এলাকার মেঘনা নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নাহিদ সুলতানা মুন্সিগঞ্জ পৌরসভার খালইষ্ট এলাকার বাসিন্দা। তিনি অবসরপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা শফিকুল ইসলামের স্ত্রী এবং শহরের মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষিকা ছিলেন।

স্থানীয়রা নদীতে কচুরিপানার সঙ্গে একটি মরদেহ ভাসতে দেখে নৌপুলিশকে খবর দেন। পরে চরআবদুল্লাহ নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

পুলিশ ও পরিবারের সদস্যদের ভাষ্য, গত ১৩ জুলাই বাড়ি থেকে বের হওয়ার পর নাহিদ সুলতানা আর ফিরে আসেননি। পরে তাঁর স্বামী মুন্সিগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

চরআবদুল্লাহ নৌপুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) পরিতোষ সরকার বলেন, মরদেহে পচন ধরেছিল। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনই বলা সম্ভব নয়।

ময়নাতদন্তের জন্য মরদেহটি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের কন্ঠস্বর

Leave a Reply