নুরুন্নবী মুন্না: মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ও শিলই ইউনিয়নে ভয়াবহ নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসক। ভাঙন কবলিত মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপের আশ্বাস দিয়েছেন তারা। পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ভাঙন রোধে চলমান জিও ব্যাগ নিক্ষেপ কার্যক্রমও পরিদর্শন করেন তারা।
সোমবার (২০ জুলাই) মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান এবং মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী ভাঙন কবলিত এলাকাগুলো সরজমিনে পরিদর্শন করেন। মুন্সীগঞ্জ সদর উপজেলার নদী তীরবর্তী বাসিন্দাদের নিরাপত্তা ও ভাঙন রোধে সরকারের তাৎক্ষণিক পদক্ষেপের অংশ হিসেবে এই সফরের আয়োজন করা হয়।

পরিদর্শনকালে অতিথিরা ভাঙনের ঝুঁকিতে থাকা বিভিন্ন পয়েন্ট নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় নদীভাঙন প্রতিরোধে জরুরি ব্যবস্থা হিসেবে নদীতে জিও ব্যাগ নিক্ষেপ কার্যক্রম তদারকি করেন তারা। ভাঙনের তীব্রতা কমাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
প্রতিনিধি দলটি স্থানীয় ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগ, নিরাপত্তা ও পুনর্বাসন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এই দুর্যোগপূর্ণ সময়ে সরকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে আশ্বস্ত করেন তারা।
এ সময় জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত, সদর উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তফাসহ পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন যৌথভাবে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানানো হয়।
এইমাত্র

Leave a Reply