মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী সোমবার (২৭ জুলাই) মুন্সীগঞ্জ জেলা প্রেস ক্লাব পরিদর্শন করেছেন। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে জেলার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং আইনশৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন, মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা, সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার, মুন্সীগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, সাধারণ সম্পাদক গোলজার হোসেন এবং প্রেস ক্লাবের সদস্যবৃন্দ।

পরে প্রেস ক্লাবের সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, জেলার উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি জেলা প্রশাসনের সঙ্গে গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখা প্রয়োজন।
সভায় তিনি জেলার চলমান ও সম্ভাব্য বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। এ সময় সুষ্ঠু নির্বাচন আয়োজন, অবকাঠামোগত উন্নয়ন, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, বালুমহল বিলুপ্তকরণসহ জেলার সার্বিক উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।
মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। জেলা প্রশাসক সেগুলো গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন এবং প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বয়ের আশ্বাস দেন।
পরিদর্শনের এক পর্যায়ে জেলা প্রশাসক মুন্সীগঞ্জ জেলা প্রেস ক্লাবের পার্শ্ববর্তী খাসজমি বন্দোবস্ত প্রদান এবং প্রেস ক্লাব ভবনের উন্নয়নের জন্য আর্থিক বরাদ্দের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
যাযাদি

Leave a Reply