মাত্র ছয় মাসে ৩০ পারা পবিত্র কুরআনের হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চরপাথালিয়া সালমান ফারসী (রা.) মাদরাসার ১১ বছর বয়সী শিক্ষার্থী হাফেজ মো. সিয়াম।
সোমবার (২৭ জুলাই) বাদ জোহর মাদরাসার মসজিদে আনুষ্ঠানিকভাবে পবিত্র কুরআনের সর্বশেষ পারার সবক সম্পন্ন করেন তিনি।
এ সময় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা আল আমিন সরকার, শিক্ষকরা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
হাফেজ মো. সিয়াম গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের বালুয়াকান্দী গ্রামের বাসিন্দা মো. খোকন মিয়ার ছেলে।

জানা যায়, হিফজ বিভাগের এই শিক্ষার্থী মাত্র ছয় মাসে সম্পূর্ণ কুরআন মুখস্থ করে হাফেজ হওয়ার বিরল কৃতিত্ব অর্জন করায় পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
সন্তানের এই সাফল্যে মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করে সিয়ামের বাবা মো. খোকন মিয়া বলেন, এই প্রতিষ্ঠানের পরিচালক ও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম এবং আল্লাহর অশেষ রহমতে আমার সন্তান আজ কুরআনের হাফেজ হয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন, সে যেন একজন বড় আলেম হয়ে ইসলাম, দেশ ও মানুষের সেবা করতে পারে।
চরপাথালিয়া সালমান ফারসী (রা.) মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা আল আমিন সরকার বলেন, কুরআনের হিফজ, বিশুদ্ধ তিলাওয়াত এবং নৈতিক-আদর্শবান প্রজন্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য। মহান আল্লাহ যেন এই শিশুকে ইসলামের খেদমতে কবুল করেন। সবার কাছে তার জন্য দোয়া কামনা করছি।
স্টার নিউজ

Leave a Reply