সরকারি খাল দখল, জলাবদ্ধতায় ভোগান্তিতে ১০ হাজার মানুষ

আব্দুল্লাহ আল মাসুদঃ মুন্সিগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ-সংলগ্ন প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। খালটির বিভিন্ন স্থানে প্রস্থ সংকুচিত হয়ে পড়ায় স্বাভাবিক পানিপ্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে সামান্য বৃষ্টিতেই পশ্চিম দেওভোগ, পূর্ব দেওভোগ, জেলা পরিষদ এলাকা ও শাহী মসজিদ-সংলগ্ন সড়কসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে প্রায় ১০ হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন।

আজ সোমবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, খালটির বিভিন্ন অংশ দখল করে ভবন, দোকান ও অন্যান্য স্থাপনা নির্মাণ করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, একসময় প্রায় ৩০ ফুট প্রশস্ত খালটি বছরের পর বছর ধরে প্রভাবশালীদের দখলে চলে যাওয়ায় এর পানি ধারণ ও নিষ্কাশন সক্ষমতা অনেকটাই কমে গেছে।

স্থানীয় সূত্র জানায়, খালের কোথাও ভরাট করে স্থাপনা নির্মাণ করা হয়েছে, আবার কোথাও সীমানা সংকুচিত করে ব্যক্তিগত কাজে ব্যবহার করা হচ্ছে। এতে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন না হওয়ায় সড়ক, বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ছে।

পশ্চিম দেওভোগ এলাকার বাসিন্দা এম. তাহসিন রায়হান বলেন, জেলা পরিষদ এলাকা থেকে দেওভোগ শাহী মসজিদ পর্যন্ত বিস্তৃত এই খালটি একসময় শহরের গুরুত্বপূর্ণ পানি নিষ্কাশনের পথ ছিল। কিন্তু দীর্ঘদিনের অবৈধ দখল ও ভরাটের কারণে খালের প্রস্থ অনেক কমে গেছে। দ্রুত দখলমুক্ত করে পুনঃখনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা আরও ভয়াবহ আকার ধারণ করবে।

একই এলাকার বাসিন্দা শরফুউদ্দিন আহমেদ সুমন বলেন, সরকারি খালটি সম্পূর্ণ পুনঃখনন এখন সময়ের দাবি। দখলের কারণে অনেক স্থানে পানি চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে। দ্রুত খাল উদ্ধার করা হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে এলাকাবাসী অনেকটাই মুক্তি পাবে।

স্থানীয় বাসিন্দা ইকবাল হোসেন বলেন, এই খালটি শহরের গুরুত্বপূর্ণ পানি নিষ্কাশন ব্যবস্থার অংশ। এর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় জলাবদ্ধতার পাশাপাশি পরিবেশ দূষণ, মশার উপদ্রব ও ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ছে। দীর্ঘদিন পানি জমে থাকায় সড়কেরও ক্ষতি হচ্ছে এবং সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে কার্যকর নজরদারি ও দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি জটিল হয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ, দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং খালটির সম্পূর্ণ পুনঃখননের পাশাপাশি ভবিষ্যতে সরকারি খাল দখল ঠেকাতে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনার দাবি জানান তিনি।

স্থানীয়দের মতে, নগর পরিকল্পনায় খাল ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব জলাধার দখল ও ভরাটের ফলে শুধু জলাবদ্ধতাই নয়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবও বাড়ছে। তাই দ্রুত খাল উদ্ধার করে স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত না করলে ভবিষ্যতে মুন্সিগঞ্জ শহরে জলাবদ্ধতা আরও তীব্র হতে পারে। বর্ষা মৌসুমে জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

এ বিষয়ে মুন্সিগঞ্জ পৌরসভার প্রধান পৌর নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। খুব শিগগিরই পৌরসভার টাউন প্ল্যানিং ও প্রকৌশল শাখার মাধ্যমে তদন্ত করা হবে। তদন্তে সরকারি খাল দখলের সত্যতা পাওয়া গেলে অবৈধ স্থাপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের কন্ঠস্বর

Leave a Reply