মুন্সীগঞ্জে জুলাই শহীদদের স্মরণে কবর জিয়ারত, উদ্বোধন হলো ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে মুন্সীগঞ্জে কবর জিয়ারত, দোয়া-মোনাজাত এবং ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে জেলার উত্তর ইসলামপুর কবরস্থানে সমাহিত জুলাই শহীদদের কবর জিয়ারত করা হয়। এ সময় তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরে মুন্সীগঞ্জ শহরের সুপারমার্কেটসংলগ্ন কৃষি ব্যাংক মোড়ে জুলাই শহীদদের স্মরণে নির্মিত ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী মাহবুব, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমা নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেন।

এ ছাড়া অনুষ্ঠানে জুলাই শহীদদের পরিবারের সদস্য, জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ এবং গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’-এর মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিডি-প্রতিদিন

Leave a Reply