সিরাজদিখান : এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থার একরামূল হক (৪৩) নামে এক কর্মীর ঝুলন্ত লাশ নিজ কক্ষ থেকে উদ্ধার করেছে পুলিশ। মো. একরামূল হক কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার চাকিরপাশার গ্রামের মো. আছের উদ্দিনের ছেলে। তিনি টেংমারি মহিলা সমিতি (টিএমসি) ক্ষুদ্র ঋণ বিভাগে সিরাজদিখান শাখার ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার সকালে উপজেলার রশুনিয়া ইউনিয়নের দানিয়াপাড়া দৌলত বেপারীর ৫ তলা ভবনের বেসরকারি উন্নয়ন সংস্থা টেংমারি মহিলা সমিতি (টিএমসি) শাখা অফিসের নীচতলায় আবাসিক কক্ষ থেকে সিরাজদিখান থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

সহকর্মীরা এসআই হাসনাইন আহম্মেদকে বলেন, রবিবার রাতে মো. একরামূল হক খাবার শেষে নিজ শয়ন ঘরে চলে যান। কিন্তু সোমবার সকালে অফিসে না এলে সহকর্মীরা তার বাসার মোবাইলে একাধিকবার কল করলেও কোনো সাড়া মেলেনি। বাসার দরজার সামনে গিয়ে সহকর্মী মো. একরামূল হককে অনেক ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন তারা। পরে দরজা ভেঙে শয়ন ঘরের ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় লাশটি ঊদ্ধার করা হয়।

ওই শাখার ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, মো. একরামূল হক সঙ্গে তার স্ত্রীর কিছুদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে সে কারণে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন।

সিরাজদিখান থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

প্রতিদিনের বাংলাদেশ

Leave a Reply