মুন্সীগঞ্জে একটি ফ্ল্যাটে তরুণী আটকে থাকার খবর পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। তবে ফ্ল্যাটে কাউকে পাওয়া যায়নি। পরে জানা যায়, ওই তরুণী ফ্ল্যাটের দরজা বন্ধ করে এক বান্ধবীর বাসায় অবস্থান করছেন।
শনিবার (১০ অক্টোবর) দুপুর ১২টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে যায়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, বিউটি বেগম নামে এক নারী ৯৯৯-এর মাধ্যমে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের সেন্ট্রি পোস্টে ফোন করে জানান, পৌরসভার খালইস্ট এলাকায় নতুন পাসপোর্ট অফিসের সামনে একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে তার মেয়ে সারিফা ইসলাম কাকলি (২১) আটকা পড়েছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তল্লাশি চালানো হয়। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। পরে বিউটি বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, সারিফা ফ্ল্যাটের দরজা বন্ধ করে তার এক বান্ধবীর বাসায় অবস্থান করছেন।
উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত না হয়ে এ ধরনের খবর দেওয়া উচিত নয়। ফায়ার সার্ভিসের কোনো ইউনিট অপ্রয়োজনীয়ভাবে ব্যস্ত থাকলে অন্য কোথাও অগ্নিকাণ্ড বা সড়ক দুর্ঘটনার মতো প্রকৃত জরুরি পরিস্থিতিতে দ্রুত সেবা পৌঁছানো ব্যাহত হতে পারে। এতে সরকারি সম্পদেরও অপচয় হয়। জরুরি সেবা চাওয়ার আগে তথ্যের সত্যতা নিশ্চিত করার জন্য তিনি সবার প্রতি অনুরোধ জানান।
ব. ম. শামীম/আরএআর

Leave a Reply